SRFTI POLICE

মাঝ রাতে পুলিশের বিশাল বাহিনী এসআরএফটিআই ক্যাম্পাসে

রাজ্য কলকাতা

মাঝ রাতে পুলিশের বিশাল বাহিনী ঢুকল এসআরএফটিআই ক্যাম্পাসে। সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট (এসআরএফটিআই)-র প্রতিবাদী ছাত্রছাত্রীরা টানা আন্দোলনে শামিল রয়েছেন। 
মঙ্গলবার, ২৭ অক্টোবর, দেশের বিভিন্ন প্রান্তে এই প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের সংহতিতে ক্যাম্পাসে ক্যাম্পাসে সভা হয়।  কলকাতা বিশ্ববিদ্যালয় এবং যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেও সভা হয়েছে। 
মঙ্গলবারই এসআরএফটিআই ছাত্র সংসদ গণ কনভেনশনের আয়োজন করেছিল। কিন্তু বক্তা পরিচালক কমলেশ্বর মুখার্জি বা এসএফআই রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে-কে বলতে হয়েছে গেটের বাইরে থেকে। গেট তালা বন্ধ করে রেখেছিল এই কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। 
গত ২৭ সেপ্টেম্বর এবং ৪  অক্টোবর, পর পর দু'বার, বিজেপি এবং আরএসএসের অনুগত বাহিনীর হামলার মুখে পড়ে এই প্রতিষ্ঠান। এদিন দেশের ছাত্র আন্দোলন ক্যাম্পাসের উপর আরএসএস-বিজেপি'র হামলার বিভিন্ন ঘটনার তীব্র নিন্দা করে। 
গত ২৭ সেপ্টেম্বরের হামলার ঘটনায় কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তার প্রতিবাদে আন্দোলন চালাচ্ছিলেন ছাত্রছাত্রীরা। ছয় জনকে বহিষ্কার করে হস্টেল ছেড়ে যাওয়ার নোটিশ পাঠায় কর্তৃপক্ষ। হস্টেলে জল এবং অন্যান্য ব্যবস্থা বন্ধ করার অভিযোগে সরব রয়েছে ছাত্র সংসদ।
এই পরিস্থিতিতে মাঝ রাতের পর ক্যাম্পাসে পুলিশের বিশাল বাহিনী ঢুকেছে। রাত প্রায় ১:৩০ টা নাগাদ জানা যায় যে কিছু পুলিশ ক্যাম্পাসের ভেতরে এবং বাকি অংশ গেটের বাইরে রয়েছে।

Comments :0

Login to leave a comment