Tamil Nadu

তামিলনাড়ুতে স্কুল পড়ুয়াদের জন্য ব্রেকফাস্ট প্রকল্পের সম্প্রসারণ, উদ্বোধন মুখ্যমন্ত্রী বিজয়ের

জাতীয়

স্কুল পড়ুয়াদের পুষ্টির কথা মাথায় রেখে তামিলনাড়ু সরকারের ব্রেকফাস্ট প্রকল্পের সম্প্রসারণের সূচনা করলেন মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়। মঙ্গলবার চেন্নাইয়ের তিরুভানমিয়ুরের গান্ধী গ্রামমের একটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে গিয়ে এই প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি। পড়ুয়াদের খাবার পরিবেশন করার পাশাপাশি তাদের সঙ্গে বসে খাবার খান মুখ্যমন্ত্রী। পরে স্কুলের বিভিন্ন শ্রেণিকক্ষে গিয়ে পড়ুয়াদের সঙ্গে কথাও বলেন তিনি।
সরকারি আধিকারিকদের দেওয়া তথ্য অনুযায়ী, প্রকল্পের সম্প্রসারণের ফলে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির প্রায় ১৫.৩০ লক্ষ অতিরিক্ত পড়ুয়া উপকৃত হবে। রাজ্যের ১৫,৪৫৪টি সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলে এই সুবিধা পৌঁছে দেওয়া হবে।
প্রাক্তন মুখ্যমন্ত্রী কে কামারাজের স্মরণে নামকরণ করা ‘পেরুনথালাইভার কামারাজ ব্রেকফাস্ট স্কিম’-এর সম্প্রসারিত পর্যায়ে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির পড়ুয়াদের অন্তর্ভুক্ত করা হয়েছে। সরকারের দাবি, স্কুল পড়ুয়াদের পুষ্টি ও স্বাস্থ্যের উন্নতির পাশাপাশি দিনের শুরুতেই তাদের পুষ্টিকর খাবার নিশ্চিত করাই এই প্রকল্পের অন্যতম লক্ষ্য।
চলতি অর্থবর্ষে প্রকল্পটির সম্প্রসারণের জন্য অতিরিক্ত ২১৭.৬৩ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এর ফলে প্রকল্পটির মোট বাজেট বেড়ে দাঁড়িয়েছে ৭২৪ কোটি টাকা।
মূলত ১৭ সেপ্টেম্বর থেকেই প্রকল্পের সম্প্রসারণ কার্যকর করার পরিকল্পনা ছিল। তবে মুখ্যমন্ত্রী বিজয়ের সাম্প্রতিক লন্ডন সফরের কারণে তা পিছিয়ে দেওয়া হয়।
তবে নির্বাচন কমিশনের আদর্শ আচরণবিধি কার্যকর থাকায় চেঙ্গলপট্টু ও তিরুপ্পুর জেলায় আপাতত এই প্রকল্পের সম্প্রসারণ করা হচ্ছে না। মাদুরান্থাকাম এবং ধারাপুরম বিধানসভা কেন্দ্রে ৬ অক্টোবরের উপনির্বাচনের কারণে ওই দুই জেলায় আদর্শ আচরণবিধি কার্যকর রয়েছে।
প্রকল্পের মেনুতে উপমা, খিচুড়ি এবং পংগলের মতো পুষ্টিকর খাবার রাখা হয়েছে। সপ্তাহে দু’দিন মিলেট-ভিত্তিক খাবারও দেওয়া হবে।
সরকারি বিবৃতি অনুযায়ী, বৃহত্তর চেন্নাই কর্পোরেশন তাদের ইন্টিগ্রেটেড কিচেনের মাধ্যমে ৪৪৭টি সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলে এই প্রকল্প পরিচালনা করবে। অন্যান্য কর্পোরেশন, পৌরসভা এবং সংলগ্ন টাউনশিপ এলাকার ২,১৫০টি স্কুলে ডিরেক্টরেট অব মিউনিসিপ্যাল অ্যাডমিনিস্ট্রেশনের মাধ্যমে প্রকল্পটি চালানো হবে।
এছাড়া গ্রামীণ এলাকা, টাউনশিপ এবং সংলগ্ন গ্রামীণ এলাকার ১২,৮৫৭টি সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলে তামিলনাড়ু উইমেনস ডেভেলপমেন্ট কর্পোরেশনের মাধ্যমে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে।
সরকারের তরফে জানানো হয়েছে, সংশ্লিষ্ট স্কুলগুলিতে স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরাই ব্রেকফাস্ট তৈরি ও পরিবেশন করবেন। স্বাস্থ্য, পুষ্টি, স্কুলে উপস্থিতি এবং পড়াশোনার মান এই চারটি বিষয়কে আরও শক্তিশালী করতেই প্রকল্পটির সম্প্রসারণ করা হয়েছে বলে সরকারি বিবৃতিতে জানানো হয়েছে।

Comments :0

Login to leave a comment