জঙ্গল ছেড়ে লোকালয়ে ঢুকে পড়া তিন বাইসনের তাণ্ডবে রণক্ষেত্রের চেহারা নিল বানারহাট ব্লকের উত্তর শালবাড়ি এলাকা। বুধবার ভোরবেলা গ্রামসংলগ্ন এলাকায় তিনটি পূর্ণবয়স্ক ভারতীয় বাইসনকে (গাউর) ঘুরতে দেখেন স্থানীয়রা। মুহূর্তের মধ্যে সেই খবর চাউর হতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। কৌতূহলী মানুষের ভিড় জমলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
উত্তেজিত বাইসনের হামলায় এক মহিলা সহ দুইজন গুরুতর জখম হয়েছেন। এছাড়াও কয়েকটি গবাদি পশুও বাইসনের গুঁতোয় আহত হয়েছে বলে স্থানীয় সূত্রে খবর। আহতদের উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় বিন্নাগুড়ি বন্যপ্রাণ স্কোয়াড, মরাঘাট ও নাথুয়া রেঞ্জের বনকর্মীরা। হাজির হয় নাথুয়া রেঞ্জের কিউআর টিমও। পরিস্থিতি সামাল দিতে পৌঁছান জলপাইগুড়ির এডিএফও-সহ উচ্চপদস্থ আধিকারিকরা। দীর্ঘ প্রচেষ্টার পর একটি বাইসনকে ঘুমপাড়ানি গুলি (ট্রাঙ্কুইলাইজার) ছুড়ে কাবু করতে সক্ষম হন বনকর্মীরা।
বাকি দুটি বাইসন এখনও গ্রামের ঝোপঝাড়ে লুকিয়ে থাকায় আতঙ্ক কাটেনি। বনদপ্তরের পক্ষ থেকে এলাকায় নিরন্তর মাইকিং করা হচ্ছে। অপ্রয়োজনীয় ভিড় না জমিয়ে বাসিন্দাদের নিরাপদ স্থানে থাকার আবেদন জানানো হয়েছে। বনদপ্তর জানিয়েছে, সবকটি বাইসনকে উদ্ধার করে জঙ্গলে না ফেরানো পর্যন্ত এলাকায় কড়া নজরদারি ও উদ্ধার অভিযান জারি থাকবে।
Bison Attack
বাইসনের তাণ্ডবে জখম দুই, আতঙ্ক বানারহাটে
×
Comments :0