নীতিন নবীনের নেতৃত্বে বিজেপির নতুন জাতীয় কর্মসমিতির প্রথম বৈঠক অনুষ্ঠিত হল শনিবার। বৈঠকে দলের অভিজ্ঞ নেতাদের পাশাপাশি তরুণ নেতৃত্বও উপস্থিত ছিলেন। জাতীয় সঙ্গীত ও জাতীয় গান দিয়ে বৈঠকের সূচনা হয়।
দলীয় সূত্রে খবর, বৈঠকের মূল লক্ষ্য আগামী দিনের রাজনৈতিক লড়াইয়ের জন্য একটি কৌশলগত রোডম্যাপ তৈরি করা। প্রথম ধাপে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশাসনিক ক্ষেত্রে ২৫ বছরের জনসেবা উপলক্ষে ১৫ দিনব্যাপী ‘মোদী অ্যাট ২৫’ কর্মসূচি নিয়ে আলোচনা হয়। মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রী হিসেবে মোদির ২৫ বছরের রাজনৈতিক ও প্রশাসনিক কর্মকাণ্ডকে দেশজুড়ে তুলে ধরাই এই কর্মসূচির অন্যতম লক্ষ্য।
একই সঙ্গে ২০২৭ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দলের প্রস্তুতি নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে। উত্তরপ্রদেশ, পাঞ্জাব, উত্তরাখণ্ড ও গোয়ায় আগামী বিধানসভা নির্বাচনের কৌশল নির্ধারণে জোর দেওয়া হয়েছে। এর মধ্যে লোকসভায় সর্বাধিক আসনের অন্যতম গুরুত্বপূর্ণ রাজ্য উত্তরপ্রদেশকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিজেপি।
২০২৭-এর বিধানসভা নির্বাচনের পাশাপাশি ২০২৯ সালের লোকসভা নির্বাচনকে সামনে রেখেও সংগঠনকে আরও শক্তিশালী করার পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে। বুথস্তর থেকে শুরু করে রাজ্য ও জাতীয় স্তরে সংগঠনের কার্যক্রম আরও জোরদার করার বিষয়টি বৈঠকে গুরুত্ব পায়।
বিজেপির নতুন জাতীয় পদাধিকারীদের ভূমিকা নিয়েও আলোচনা হয়েছে। রাজীব বব্বর এবং জয়প্রকাশের মতো নতুন মুখকে সংগঠনের কাজে আরও সক্রিয়ভাবে যুক্ত করার পরিকল্পনা রয়েছে দলের। বিশেষ করে যুবসমাজের সঙ্গে যোগাযোগ বাড়ানো এবং তরুণ প্রজন্মের কাছে দলের বার্তা আরও কার্যকরভাবে পৌঁছে দেওয়ার ওপর জোর দেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজ ও সাফল্য দেশবাসীর সামনে তুলে ধরার পরিকল্পনাও বৈঠকে আলোচনায় আসে। দেশের বিভিন্ন প্রান্তে সরকারের উন্নয়নমূলক প্রকল্প ও কর্মকাণ্ডকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার পাশাপাশি তা রাজনৈতিক প্রচারের সঙ্গে যুক্ত করার পরিকল্পনা রয়েছে বিজেপির।
নতুন জাতীয় দলের প্রথম বৈঠকেই ২০২৭-এর বিধানসভা নির্বাচন থেকে শুরু করে ২০২৯-এর লোকসভা নির্বাচন পর্যন্ত দীর্ঘমেয়াদি রাজনৈতিক রণকৌশলের ভিত্তি তৈরির চেষ্টা করলো বিজেপি। সংগঠনকে চাঙ্গা করার পাশাপাশি অভিজ্ঞতা ও তারুণ্যের সমন্বয়ে আগামী দিনের নির্বাচনী লড়াইয়ে নামার বার্তাই এই বৈঠক থেকে উঠে এসেছে।
উল্লেখ্য সম্প্রতি নিট আন্দোলনকে কেন্দ্র করে উত্তাল হয় গোটা দেশ। চাপের মুখে পড়ে শিক্ষামন্ত্রী পদ থেকে ইস্তফা দেন ধর্মেন্দ্র প্রধান। গোটা দেশ জুড়ে বিজেপির বিরুদ্ধে বাড়তে শুরু করেছে জেন-জি দের ক্ষোভ। এই পরিস্থিতিতে নিজেদের ক্ষমতা ধরে রাখতে মোরিয়া বিজেপি।
BJP
লক্ষ ২৭’এর বিধানসভা নির্বাচন, বৈঠকে বিজেপির জাতীয় কর্মসমিতি
×
Comments :0