Central Forces

ধূপগুড়ি জুড়ে কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ

জেলা

রাজ্যে বিধানসভা নির্বাচনের দামামা এখনও বাজেনি, কিন্তু তার আগেই জেলায় জেলায় কেন্দ্রীয় বাহিনীর তৎপরতা তুঙ্গে। একদিকে এসআইআর তালিকা প্রকাশকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে তৈরি হওয়া উদ্বেগ, আর অন্যদিকে নিরাপত্তা সুনিশ্চিত করতে আধাসামরিক বাহিনীর টহল— সব মিলিয়ে রবিবার ধূপগুড়ি মহকুমার চিত্রটা ছিল বেশ থমথমে।
এসআইআর তালিকা প্রকাশের পর রাজ্যের একাংশে যে আতঙ্কের বাতাবরণ তৈরি হয়েছে, তা মোকাবিলা করতেই তড়িঘড়ি ময়দানে নামানো হয়েছে কেন্দ্রীয় বাহিনীকে। পুলিশ সূত্রে খবর, মূলত তালিকা পরবর্তী কোনো অপ্রীতিকর পরিস্থিতি বা অশান্তি রুখতেই এই আগাম সতর্কতামূলক পদক্ষেপ।
জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে জলপাইগুড়ি জেলায় মোট ৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসে পৌঁছেছে। ইতিমধ্যেই প্রতিটি থানা এলাকায় বাহিনীকে মোতায়েন করা হয়েছে। শহর থেকে গ্রাম— সর্বত্রই কড়া নিরাপত্তার ঘেরাটোপ তৈরি করা হচ্ছে।
এদিন ধূপগুড়ি শহরের বিভিন্ন ওয়ার্ডের পাশাপাশি ডাউকিমারি ফাঁড়ির অন্তর্গত এলাকাগুলোতেও বাহিনীকে রুট মার্চ করতে দেখা যায়। জওয়ানরা কেবল টহল দিয়েই ক্ষান্ত থাকেননি, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলেন এবং এলাকার পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন। ভয় কাটিয়ে জনমানসে আস্থা ফেরানোই বাহিনীর অন্যতম লক্ষ্য বলে মনে করা হচ্ছে।

Comments :0

Login to leave a comment