রবিবার আনুষ্ঠানিক ভাবে জেডিইউতে যোগদান করলেন নীতিশ পুত্র নিশান্ত কুমার। বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে রাজ্যসভার জন্য মনোনয়ন জমা দিয়েছেন নীতিশ কুমার। আর তারপর থেকেই শুরু হয়েছে জল্পনা। রাজনৈতিক মহলের অনেকে মনে করছেন নিশান্তকে উপ-মুখ্যমন্ত্রী করে সম্রাট চৌধুরিকে মুখ্যমন্ত্রী করবে বিজেপি। যার ফলে বিহারের ক্ষমতার রাশ থাকবে তাদের হাতেই।
লোকসভা নির্বাচনে ধাক্কা খাওয়ার পর জেডিইউ এবং চন্দ্রবাবু নায়ডুর দলের সমর্থন নিয়ে সরকার গঠন করতে সক্ষম হয়েছে বিজেপি। একক সংখ্যা গরিষ্ঠতা থেকে অনেক দুরে থামতে হয়েছে তাদের। জোটের স্বার্থে বিহার নির্বাচনে নীতিশকে সামনে রেখে লড়াই করেছিল এনডিএ। কিন্তু নির্বাচনে বিজেপির ভালো ফলাফলের পর শুরু হয় বিভিন্ন জল্পনা।
নীতীশ কুমার আগামী ১৬ মার্চের রাজ্যসভা নির্বাচনের জন্য ইতিমধ্যেই মনোনয়নপত্র দাখিল করেছেন। লোকসভা, বিধানসভা এবং বিধান পরিষদের সদস্য হওয়ার পর রাজ্যসভার সাংসদ হওয়া তার দীর্ঘদিনের ইচ্ছা ছিল।
নীতীশ কুমারের এই সিদ্ধান্তকে ঘিরে সরব হয়েছে প্রধান বিরোধী দল আরজেডি (RJD)। আরজেডি সাংসদ মনোজ কুমার ঝা এই ঘটনাকে 'রাজনৈতিক অপহরণ' বলে চিহ্নিত করেছেন। তিনি দাবি করেন, বিজেপির চাপের মুখে নীতীশ কুমার নতিস্বীকার করেছেন। তার মতে, মহারাষ্ট্রে একনাথ শিন্ডেকে যেভাবে 'ডিমোট' করা হয়েছিল, বিহারে নীতীশ কুমারের ক্ষেত্রেও সেই একই মডেল প্রয়োগ করছে বিজেপি।
আরজেডি-র দাবি, জেডিইউ-র কর্মী সমর্থকরা আজ নিজেদের প্রতারিত বোধ করছেন। তেজস্বী যাদব নির্বাচনী প্রচারের সময় বারবার বলেছিলেন যে নীতীশ কুমার একজন 'অস্থায়ী মুখ্যমন্ত্রী', আজ তা সত্যি প্রমাণিত হলো।
Bihar
আনুষ্ঠানিক ভাবে জেডিইউতে যোগদান করলেন নিশান্ত কুমার
×
Comments :0