Omar Khalid

উমর খালিদের জামিনের আবেদনে দিল্লি পুলিশের জবাব তলব হাইকোর্টের

জাতীয়

২০২০ সালের উত্তর-পূর্ব দিল্লি দাঙ্গার কথিত বৃহত্তর ষড়যন্ত্র মামলায় বেআইনি কার্যকলাপ (প্রতিরোধ) আইন (ইউএপিএ)-এর অধীনে অভিযুক্ত সমাজকর্মী উমর খালিদের জামিনের আবেদনে শুক্রবার দিল্লি পুলিশের কাছে জবাব তলব করলো দিল্লি হাইকোর্ট।
বিচারপতি প্রতিভা এম সিং এবং বিচারপতি বিকাশ মহাজনের ডিভিশন বেঞ্চ দিল্লি পুলিশকে নোটিস জারি করে দুই সপ্তাহের মধ্যে তাদের জবাব দাখিলের নির্দেশ দিয়েছে।
আদালত জানিয়েছে, আগামী ২৭ আগস্ট উমর খালিদের জামিনের আবেদন শুনানি হবে। একই দিনে সহ-অভিযুক্ত শরজিল ইমামের জামিনের আবেদনও তালিকাভুক্ত রয়েছে। শুনানির সময় খালিদের আইনজীবী আদালতকে জানান, গ্রেপ্তারের পর এটি তার তৃতীয় জামিনের আবেদন। পাশাপাশি তিনি অন্তর্বর্তীকালীন জামিনের আবেদনও করেছেন।
উমর খালিদ ৪ জুলাইয়ের ট্রায়াল কোর্টের সেই নির্দেশকে চ্যালেঞ্জ করেছেন, যেখানে তার জামিনের আবেদন খারিজ করে দেওয়া হয়েছিল।
দিল্লি পুলিশের পক্ষে অতিরিক্ত সলিসিটর জেনারেল এস. ভি. রাজু আদালতে জানান, শরজিল ইমামের জামিনের আবেদনও একই ট্রায়াল কোর্টের নির্দেশে খারিজ হয়েছে। তাই দুটি মামলার একসঙ্গে শুনানি হতে পারে।
উল্লেখ্য, ২০২০ সালের সেপ্টেম্বর মাসে গ্রেপ্তার হওয়া উমর খালিদের বিরুদ্ধে অভিযোগ, তিনি ২০২০ সালের ফেব্রুয়ারিতে উত্তর-পূর্ব দিল্লিতে সংঘটিত সাম্প্রদায়িক দাঙ্গার অন্যতম মূল ষড়যন্ত্রকারী। ওই দাঙ্গায় ৫৩ জনের মৃত্যু হয় এবং ৭০০-রও বেশি মানুষ আহত হন।
নাগরিকত্ব (সংশোধনী) আইন (সিএএ) এবং জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি)-র বিরুদ্ধে আন্দোলনের সময় এই হিংসার ঘটনা ঘটে। এই বৃহত্তর ষড়যন্ত্র মামলায় শরজিল ইমাম, খালিদ সইফি, প্রাক্তন আম আদমি পার্টির কাউন্সিলর তাহির হুসেন-সহ আরও কয়েকজনের বিরুদ্ধে ইউএপিএ-সহ একাধিক ধারায় মামলা দায়ের করেছে দিল্লি পুলিশের স্পেশাল সেল।
গত ৪ জুলাই ট্রায়াল কোর্ট উমর খালিদের জামিনের আবেদন খারিজ করে জানায়, সুপ্রিম কোর্টের ৫ জানুয়ারির নির্দেশ অনুসরণ করা ছাড়া তাদের সামনে অন্য কোনও পথ নেই। ফলে তারা এই আবেদন মঞ্জুর করতে পারে না।
এর আগে, ২০২৫ সালের ২ সেপ্টেম্বর দিল্লি হাই কোর্টের একটি ডিভিশন বেঞ্চ উমর খালিদের জামিনের আবেদন খারিজ করেছিল। পরে চলতি বছরের ৫ জানুয়ারি সুপ্রিম কোর্ট সেই সিদ্ধান্ত বহাল রাখে। তবে একই মামলায় সহ-অভিযুক্ত গুলফিশা ফাতিমা, মিরান হায়দার, শিফা-উর-রহমান, মহম্মদ সলিম খান এবং শাদাব আহমদকে জামিন দেয় শীর্ষ আদালত।
সুপ্রিম কোর্টের বিচারপতি অরবিন্দ কুমার ও বিচারপতি এন. ভি. অঞ্জারিয়ার বেঞ্চ পর্যবেক্ষণ করেছিল, উমর খালিদ ও শরজিল ইমামের বিরুদ্ধে ইউএপিএ-র অধীনে প্রাথমিকভাবে মামলা গঠনের মতো যথেষ্ট উপাদান রয়েছে। 
দিল্লি হাইকোর্ট দিল্লি পুলিশের জবাব পাওয়ার পর আগামী ২৭ আগস্ট উমর খালিদ ও শরজিল ইমামের জামিনের আবেদন একসঙ্গে শুনানি করবে।

Comments :0

Login to leave a comment