বিধানসভার অভিমুখে কৃষিজীবীদের মিছিলে ঝাঁপিয়ে পড়ল ত্রিপুরার বিজেপি সরকারের পুলিশ। বুধবার আগরতলায় লাঠিচার্জে আহত হয়েছেন বহু প্রবীণ কৃষকনেতাও। আক্রান্ত হয়েছেন সারা ভারত কৃষকসভার সাধারণ সম্পাদক বিজু কৃষ্ণানও।
কৃষক নেতৃবৃন্দ বলেছেন, ত্রিপুরাতেও সারা দেশের মতো কৃষক খেতমজুরদের অবস্থা দুর্বিষহ। সারের চড়া দাম। সুলভে বীজেরও ব্যবস্থা করছে না রাজ্যের বিজেপি সরকার। কৃষি সংক্রান্ত ১২ দফা দাবি সরকারের কাছে পৌঁছে দিতে মঙ্গলবার ত্রিপুরা বিধানসভা অভিযান করেন ত্রিপুরার কৃষক খেতমজুররা।
এদিন আক্রান্ত হন সারা ভারত কৃষক সভার ত্রিপুরা রাজ্য সম্পাদক পবিত্র করও।
এদিন বিধানসভা পৌঁছানোর আগেই মিছিলকে আটকানোর চেষ্টা করে পুলিশ। বিক্ষোভে ফেটে পড়েন কৃষক খেতমজুররা। বিধানসভা অভিযানের এই কর্মসূচি এক সপ্তাহ আগে থেকে নোটিশ দিয়ে জানানো হয়েছিল। তারপরও সরকার ও প্রশাসন এই মিছিল আটকাতে অতি সক্রিয় হলো।
ত্রিপুরা বিধানসভার বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী এদিন বলেন, "বর্তমানে বিধানসভায় বাজেট অধিবেশন চলছে, সরকার প্রতিশ্রুতির বন্যা বইয়ে দিচ্ছে। বলছে ত্রিপুরা মডেল রাজ্য। কিন্তু এই রাজ্যের মূল চালিকাশক্তি যাঁরা, সেই শ্রমিক কৃষক খেতমজুররা অবস্থা দুর্বিষহ। বিধানসভায় সরকারের কথায় মধ্যে রাজ্যের শ্রমজীবী মানুষের কোনও আলোচনা নেই। এই সময়ে বিধানসভা অভিযান একদম সঠিক পদক্ষেপ। কিন্তু পুলিশ প্রশাসন যে ভাবে গায়ের জোর খাটালো তা নিন্দনীয়। কৃষক খেতমজুররা তাঁদের দাবি উত্থাপন করতে আসবেন, সেখানে অসুবিধা কিসের।’’
সিপিআই(এম)’র এই পলিট ব্যুরো সদস্য বলেন, ‘‘পরিকল্পিত ভাবে বিজেপি জোট সরকার মানুষকের কন্ঠস্বরকে দমন করতে সচেষ্ট হয়েছে বারবার। শেষ আট বছরে মানুষের গণতান্ত্রিক অধিকারকে লাগাতার হরণ করেছে। সাধারণ মানুষের দাবি নিয়ে রাজ্যজুড়ে লড়াই সংগ্রাম চালাবে লালঝাণ্ডাই।’’
সারা ভারত কৃষক সভার সাধারণ সম্পাদক বিজু কৃষ্ণান বলেছেন, ‘‘কৃষক খেতমজুরদের ঐক্যবদ্ধ আন্দোলনে বিজেপি’র মুখ্যমন্ত্রী মানিক সাহার সরকার ভয় পেয়েছে। আমাদের লড়াইয়ের মাধ্যমে এই বিজেপির সরকারকে উপড়ে ফেলতে হবে। রাজ্যের পরিস্থিতি বোঝা যায় মেহনতি জনতার দিকে তাকালে। তাঁদের আজ রাস্তায় লড়াই করতে হচ্ছে। এই লড়াই-ই আমাদের পথ।’’ কৃষ্ণন বলেন, ‘‘২০২০ সালে কৃষি আইন পাশ করে কৃষকদের অধিকার হরণ করতে চেয়েছিল কেন্দ্রের বিজেপি সরকার। কিন্তু সংযুক্ত কিসান মোর্চার লাগাতার আন্দোলনের কাছে মাথা ঝুঁকিয়ে তিনি কৃষি আইন ফেরত নিয়েছে মোদি সরকার।’’
তিনি বলেন, ‘‘রাজ্যের কৃষকদের অবস্থাও ভয়াবহ। পূর্বতন বামফ্রন্ট সরকার কৃষকদের থেকে ন্যায্য দামে ধান কিনত। কিন্তু আজ বিজেপি সরকার তা করতে পারছে না।’’
Comments :0