Priyanka Gandhi

হকির জার্সির রং নিয়ে বিজেপি-আরএসএসকে নিশানা প্রিয়াঙ্কা গান্ধীর, ‘দেশের আত্মা বদলানো যাবে না’

জাতীয়

আগামী মাসের এফআইএইচ হকি বিশ্বকাপে ভারতীয় পুরুষ ও মহিলা দল ঐতিহ্যবাহী নীল জার্সির পরিবর্তে গেরুয়া জার্সি পরার সিদ্ধান্তকে কেন্দ্র করে রাজনৈতিক বিতর্ক তীব্র হয়েছে। এই ইস্যুতে বৃহস্পতিবার বিজেপি ও আরএসএসকে কড়া আক্রমণ করেন কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী। তার দাবি, পোশাক বা ইতিহাস বদলানোর চেষ্টা করা যেতে পারে, কিন্তু দেশের মূল আদর্শ সত্য, অহিংসা, ভ্রাতৃত্ব এবং ঐক্য কোনওভাবেই পরিবর্তন করা সম্ভব নয়।
সংসদ ভবন চত্বরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রিয়াঙ্কা বলেন, ‘ওরা জার্সি বদলাতে পারে, শিক্ষানীতির মাধ্যমে ইতিহাস বদলানোর চেষ্টা করতে পারে, যা খুশি করতে পারে। কিন্তু দেশের যুবসমাজ কী ভাবছে, তা আপনারা দেখেছেন।’
তিনি যন্তর-মন্তরে সাম্প্রতিক ছাত্র-যুব বিক্ষোভের প্রসঙ্গ টেনে বলেন, ‘যন্তর-মন্তরে যে যুবসমাজ একত্রিত হয়েছিল, তারা কী বলছিল? সেটাই আজ দেশের মানুষের কণ্ঠস্বর।’
স্বাধীনতা আন্দোলনের প্রসঙ্গ তুলে কংগ্রেস নেত্রী বলেন, ভারতের স্বাধীনতা সংগ্রাম সত্য ও অহিংসার আদর্শের ওপর প্রতিষ্ঠিত ছিল এবং সেই আন্দোলনে আরএসএসের কোনও ভূমিকা ছিল না। তার কথায়, ‘সমগ্র দেশ সত্যিটা জানে। যারা জানত না, তারাও ধীরে ধীরে বিজেপি-আরএসএসের উদ্দেশ্য বুঝতে পারছে।’
প্রিয়াঙ্কা আরও বলেন, মহাত্মা গান্ধীর নেতৃত্বে কংগ্রেস স্বাধীনতা আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল। এই দেশের আত্মা সত্য, অহিংসা, ভ্রাতৃত্ব এবং সম্প্রীতিতে পরিপূর্ণ। আরএসএস বা অন্য কেউই সেই আত্মাকে বদলে দিতে পারবে না।
তিনি অভিযোগ করেন, যতই হিংসা, ঘৃণা বা বিভাজনের রাজনীতি করা হোক না কেন, ভারতের ঐক্য ও পারস্পরিক সম্প্রীতির চেতনাকে নষ্ট করা সম্ভব নয়।
বিতর্কের সূত্রপাত হয়েছে আগামী মাসে নেদারল্যান্ডস ও বেলজিয়ামে অনুষ্ঠিত এফআইএইচ হকি বিশ্বকাপের জন্য ভারতীয় পুরুষ ও মহিলা দলের নতুন গেরুয়া জার্সি প্রকাশের পর। দীর্ঘদিনের নীল জার্সির পরিবর্তে নতুন রঙের জার্সি উন্মোচন করে হকি ইন্ডিয়া জানায়, এই নকশা ভারতের গর্বের প্রতীক এবং গেরুয়া রং সাহস, আত্মত্যাগ ও বিজয়ের বার্তা বহন করে।
তবে এই সিদ্ধান্তের সমালোচনা করেছেন ভারতের প্রাক্তন অধিনায়ক ভিরেন রাসকুইনহা। সামাজিক মাধ্যমে তিনি লেখেন, ‘হকি ইন্ডিয়া অনেক ভালো কাজ করেছে, কিন্তু এই সিদ্ধান্ত হতাশাজনক। ভারতীয় হকি দলের পরিচয় ও ঐতিহ্য সবসময় নীল জার্সির সঙ্গে জড়িয়ে। আমি বহু বছর গর্বের সঙ্গে নীল জার্সি পরেছি। সমর্থকেরাও ভারতকে নীল জার্সিতেই দেখতে চান। গেরুয়া জার্সির যৌক্তিকতা কী?’
যদিও হকি ইন্ডিয়া এই সিদ্ধান্তের পক্ষে সওয়াল করে জানিয়েছে, গেরুয়া ভারতের জাতীয় পতাকার একটি গুরুত্বপূর্ণ রং এবং সেই রংকে জার্সিতে ব্যবহার করার মধ্যে কোনও অসঙ্গতি নেই।
হকির জার্সি নিয়ে এই বিতর্কের মধ্যেই প্রিয়াঙ্কা গান্ধীর মন্তব্য নতুন করে রাজনৈতিক তরজা উসকে দিয়েছে। তবে জার্সির রং পরিবর্তন নিয়ে বিতর্ক চললেও, দেশের মূল্যবোধ ও ঐক্যের চেতনা অটুট থাকবে বলেই দাবি করেছেন কংগ্রেস নেত্রী।

Comments :0

Login to leave a comment