Tarapith

তারাপীঠের ১৫ টি হোটেল বন্ধের নোটিশ

রাজ্য জেলা

তারাপীঠে অগ্নিকান্ডের জেরে ১৫ টি হোটেল অবিলম্বে বন্ধের নোটিশ দিল প্রশাসন। তারাপীঠের এক হোটেল বিধ্বংসী অগ্নিকান্ডের জেরে পনেরো জনের মৃত্যুর ঘটনায় বিশেষ পরিদর্শন দল গঠন করেছে জেলা প্রশাসন। সেই দলের প্রথম বৈঠক থেকেই বিভিন্ন গাফিলতির কারন ১৫ হোটেলকে বন্ধ করার নির্দেশ দিয়েছে প্রশাসন। এদিন রামপুরহাটের মহকুমাশাসক   বলেছেন, ‘আমরা পাঁচটা দল গঠন করেছি নজরদারি চালানোর জন্য। এই পাঁচটা টিমের মধ্যে আমাদের দমকল, বিদ্যুৎ, পিডব্লিউডি (সিভিল), পিডব্লিউডি (ইলেকট্রিক্যাল)র প্রতিনিধিরা থাকবেন। পুলিশেরও প্রতিনিধি থাকবে। এরা প্রত্যেক হোটেলে গিয়ে যৌথ পরিদর্শন করবেন। আগামী দশ দিনের মধ্যে আমরা পরিদর্শন শেষ করে দেব। পাশাপাশি আমরা অনেক হোটেলকে নোটিশ করেছিলাম আগেই। কিন্তু তাদের কাছ থেকে সেরকম সদুত্তর পাচ্ছিলাম না। কিন্তু যেহেতু এত বড় ঘটনা কালকে ঘটেছে তারাপীঠে। আমরা আজকে ১৫ হোটেলকে  ক্লোজার নোটিশ পাঠাচ্ছি। এই হোটেলগুলি বন্ধের নির্দেশের পেছনে কারন হচ্ছে তাদের দূষনের ছাড়পত্র  নেই, দমকলের অনুমতি নেই, বিদ্যুৎ দপ্তরের ছাড়পত্র নেই। অনেকবার নোটিশ করা হয়েছে আগে। যেহেতু এরা তা গ্রাহ্য করেনি তাই আজকে কড়া পদক্ষেপ নিতে হচ্ছে।’
মহকুমা শাসক আরো জানিয়েছেন, ‘আজকে পনেরোটা নোটিশ দেওয়া হচ্ছে। এর আগের মাসেও আমাদের তরফ থেকে প্রায় আটটা হোটেল বন্ধ করা হয়েছিল।’
তারাপীঠে প্রায় ৪০০টা হোটেল আছে। সেই হোটেলের নির্মান, নকশার অনুমোদন, প্রয়োজনীয় অনুমতি রয়েছে কি না তা নিয়ে অভিযোগ দীর্ঘদিনের।

Comments :0

Login to leave a comment