rss vs bjp in Nanur

গ্রামে করা যাবেনা শাখা, নানুরে 'নতুন বিজেপি'র মারে হাসপাতালে ভর্তি স্বয়ংসেবকরা

রাজ্য জেলা

দিন কয়েক আগে বোলপুরে বিজেপি যুব মোর্চার হাতে বেধড়ক মার খেয়ে মাথা ফেটেছিল তিন এবিভিপি সদস্যের। সপ্তাহ পেরোতে না পেরোতেই এবার বিজেপি কর্মীদের মারে হাসপাতালে ঠাঁই হয়েছে স্বয়ংসেবকদের। ৩ স্বয়ংসেবক ভর্তি বোলপুর মহকুমা হাসপাতালে। আর সবে তিনদিন হল বোলপুরেরই গুলির আঘাতে খুন হয়েছেন বিজেপির বুথ সভাপতি। এককথায়, গত দেড় দশকের অভ্যাসমত রক্তপাতের ধারা অব্যাহতই। অব্যাহত দলীয় কর্মীদের হাতেই শাসকদলের নেতা-কর্মীদের আক্রান্ত হওয়ার সংস্কৃত। 
গত মঙ্গলবার সন্ধ্যায় বিজেপি কর্মীদের হাতে আরএসএসের সদস্যদের মার খাওয়ার ঘটনা ঘটেছে নানুরের জলুন্দি গ্রামে। এতদিন যে গ্রামকে নিজেদের জায়গিরে পরিনত করে রেখেছিল তৃণমূল। ৪ মে’র পর সেই তৃণমূলের অনেকেই হয়ে গিয়েছেন বিজেপি। আক্রান্ত আরএসএস সদস্যদের অভিযোগ, নব্য বিজেপির হাতে মার খেতে হয়েছে স্বয়ংসেবকদের। 
জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় জলুন্দি গ্রামের রাধাগোবিন্দ মন্দিরের সামনে শাখার প্রস্তুতি নিচ্ছিলেন গ্রামের স্বয়ংসেবকরা। সেই সময় অতর্কিত আক্রমন শুরু হয়। বাঁশ, লাঠি, ছুরি নিয়ে চড়াও হয় বিজেপি কর্মীরা। আরএসএস কর্মীদের উপর চলে নির্বিচারে মারধর। সেই মারে জখম তিন স্বয়ংসেবক চিকিৎসাধীন হাসপাতালে। আক্রান্ত হয়েছেন আরএসএস জলুন্দি মন্ডলের জলুন্দি গ্রামের শাখার মুখ শিক্ষক রাহুল মাসাদ। তাঁর বক্তব্য, ‘‘আমি যখন শাখার করতে যাচ্ছিলাম তখনই ৪ মে’র পর বিজেপি হওয়া বেশ কয়েকজন লাঠি,বাঁশ দিয়ে আমাকে বেধড়ক মারধর করে। ছুরি দিয়ে পেটেও আঘাত করে। মেশিন গান দিয়ে শ্যুট করারও হুমকি দেয়। ওঁদের বক্তব্য গ্রামে আরএসএসের শাখা করতে দেবে না। সদ্য বিজেপি হওয়া মানব ফৌজদারের নেতৃত্বেই এই হামলা হয়েছে।’’ 
হাসপাতালের বিছানায় শুয়ে অপর আক্রান্ত আরএসএস সদস্য মোহন বসাক বলেছেন, ‘‘আমরা প্রতিদিনের মত শাখা করছিলাম। সেই সময় নতুন বিজেপিতে যোগ দেওয়া লোকজন আমাদের উপর অস্ত্র, বাঁশ, রড নিয়ে চড়াও হয়। ওদের বক্তব্য গ্রামে আরএসএসের কোনও কর্মসূচি করা যাবে না। আসলে ওরা তোলাবাজি চালিয়ে যেতে চায়। আমাদের দাবি পুলিশ অবিলম্বে অভিযুক্তদের করুক।’’ 
বুধবার স্বয়ংসেবকদের মারধরের ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে নানুর থানা ঘেরাও করে আরএসএস। নানুর বিধানসভায় বিজেপির হয়ে প্রতিদ্বন্দিতা করা খোকন দাস থানা ঘেরাও সামিল হয়ে বলেছেন, ‘‘যারা হামলা করেছে তারা বিজেপির কোনও দায়িত্বে নেই। তৃণমূলের ও বামপন্থী কিছু আগাছা ওরা।’’
 

Comments :0

Login to leave a comment