16 arrested student granted bail

ধর্মতলায় ছাত্র বিক্ষোভে ধৃত ১৬জনের জামিন

রাজ্য কলকাতা

ধর্মতলায় বিক্ষোভের ঘটনায় ১৬ জনকে জামিন দিলো আদালত। মঙ্গলবার ধৃত বিক্ষোভকারীদের জামিন দিয়েছে ব্যাঙ্কশাল আদালত। ছাত্র বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে ধৃতদের বিরুদ্ধে গুন্ডা দমন আইন প্রয়োগ করেছিল রাজ্যের বিজেপি সরকার।
এদিনই সুপ্রিম কোর্ট বিভিন্ন রাজ্যে ছাত্র বিক্ষোভে আটকদের জেলে না রাখার পক্ষে নির্দেশ দেয়। তার আগেই, সোমবার, বিহার সরকার, ধৃতদের মুক্তির বিজ্ঞপ্তি প্রকাশ করে। দিল্লিতে দুই কেন্দ্রীয় মন্ত্রী ছাত্র প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় ধৃতদের মুক্তির প্রতিশ্রুতিও দিয়েছিলেন। 
শুধু কলকাতাই নয় বিহার আসামেও বিক্ষোভকারী ছাত্রদের মামলা প্রত্যাহার ও জামিন দিতে বাধ্য হয়েছে। 
চলতি মাসের ২৪ তারিখ বাম ছাত্র সংগঠন সমূহের ও ছাত্র সমাজের ডাকে মিছিল হয় শিয়ালদহ থেকে ধর্মতলা পর্যন্ত। ধর্মতলায় দীর্ঘক্ষণ অবস্থান বিক্ষোভ করেন ছাত্রছাত্রীরা। সেই বিক্ষোভ থেকে হামলার অভিযোগে ১৬ জনকে গ্রেপ্তার করে পুলিশ। বিধানসভায় ধৃতদের কড়া শাাস্তির শাসানিও দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, সাংবাদিকদের ওপর আক্রমণ করলে রেহাই দেওয়া হবে না। এদিকে ধৃতদের পরের দিন খালি পায়ে হাঁটানো হয় ধর্মতলায়।    
উল্লেখ্য, একের পর এক পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস এবং শিক্ষা বিপর্যয়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে দেশজুড়ে আন্দোলন চালায় ছাত্র-যুব সমাজ। 
গত কুড়ি জুলাই ‘সংসদ চলো’ অভিযানে দিল্লি পুলিশ বর্বরোচিত ভাবে আক্রমণ চালায়। কাঁদানে গ্যাস থেকে শুরু করে পেলেট গুলি চালায় দিল্লি পুলিশ। বিহারের আন্দোলনরত ছাত্রদের ওপর একে-৪৭ দিয়ে গুলি ছোড়ার ভিডিও সামনে আসে। র‌্যাফের নিজস্ব রিপোর্টেই উঠে এসেছে দিল্লি পুলিশের বাড়াবাড়ির কথা।
এদিকে কলকাতায় গতকাল, সোমবারই, বিজেপি কলকাতায় মিছিল বের করে। সরাসরি বামপন্থীদের লক্ষ্য করেই উত্তেজনা তৈরি করা হয়। পোড়ানো হয় পতাকা। বিজেপি’র এই আচরণের নিন্দায় সরব হয় বিভিন্ন অংশ।
মঙ্গলবার ব্যাঙ্কশাল কোর্টে ধৃতদের তোলার পর জামিন হয়ে যায়।

Comments :0

Login to leave a comment