Seventh pay commission

অবশেষে সপ্তম বেতন কমিশন গঠন, ছ’মাসে রিপোর্টের নির্দেশ

রাজ্য

গুজরাট ক্যাডারের অবসরপ্রাপ্ত আইএএস আধিকারিক অতনু চক্রবর্তীকে চেয়ারম্যান করে রাজ্যের সরকারি কোষাগার থেকে বেতন প্রাপক কর্মচারীদের জন্য সপ্তম বেতন কমিশন গঠন করার নির্দেশিকা জারি করল রাজ্য সরকার।
ক্ষমতায় আসার পর প্রথম মন্ত্রীসভার বৈঠক থেকে সপ্তম বেতন কমিশন গঠন করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য সরকার। বুধবার নির্দেশিকা জারি করে রাজ্যের অর্থ দপ্তরের পক্ষ থেকে বেতন কমিশন গঠনের নির্দেশিকা জারি করা হয়েছে। কমিশনের বাকি সদস্যরা হলেন, নীতি গবেষণা কেন্দ্রের সিনিয়র গবেষক ড. পার্থ মুখোপাধ্যায়, আইআইএম কলকাতার অর্থনীতির অধ্যাপক ড. পার্থ প্রতিম পাল। কমিশনের সদস্য সচিব করা হয়েছে অর্থ দপ্তরের সচিব পদমর্যাদার আইএএস আধিকারিক দেবী প্রসাদ কারণম। আগামী ছয় মাসের মধ্যে সপ্তম বেতন কমিশনের রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। 
রাজ্য প্রশাসনের একটি সূত্রে জানা গেছে, এই প্রথমবার এরাজ্যের বেতন কমিশনের চেয়ারম্যান পদে ভিনরাজ্যের অবসরপ্রাপ্ত আধিকারিককে নিয়োগ করা হলো। অতীতে এরাজ্যের ছয়টি বেতন কমিশনে রাজ্যের অবসরপ্রাপ্ত বিচারপতি, অবসরপ্রাপ্ত আইএএস আধিকারিক এমনকি গত ষষ্ঠ বেতন কমিশনে অর্থনীতির অধ্যাপক অভিরূপ সরকারকে চেয়ারম্যান পদে নিয়োগ করা হয়েছিল। কিন্তু এবারই গুজরাট ক্যাডারের অবসরপ্রাপ্ত আইএএস আধিকারিক অতনু চক্রবর্তীকে চেয়ারম্যান করা হয়েছে। অতনু চক্রবর্তী কেন্দ্রীয় সরকারের অর্থ মন্ত্রকের অধীন অর্থনীতি বিষয়ক দপ্তরের সচিব পদে কর্মরত ছিলেন।
এরাজ্যের কর্মচারীরা বর্তমানে ১৮ শতাংশ হারে মহার্ঘভাতা পাচ্ছেন। আগামী অক্টোবর মাসে ২০ শতাংশ মহার্ঘভাতা পাওয়ার পর রাজ্যের কর্মচারীদের প্রাপ্তি হবে ৩৮ শতাংশ। এআইসিপিআই অনুযায়ী কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ৬০ শতাংশ মহার্ঘভাতা প্রাপ্তির পর কেন্দ্রীয় সরকার অষ্টম বেতন কমিশন চালু করেছে। 
এরাজ্যে সুপ্রিম কোর্টের নির্দেশ মতো এখনও রাজ্যের গ্রান্ট-ইন এইড কর্মচারীরা বকেয়া মহার্ঘভাতা হাতে পাননি। এমনকি কলকাতা কর্পোরেশন এলাকার প্রায় ৪০ হাজারের ওপর অসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরাও এখনও বকেয়া মহার্ঘভাতার এক টাকাও পায়নি। অথচ রাজ্যের সরকারি কর্মচারী সংগঠনের সঙ্গে বৈঠকে সাতদিনের মধ্যে বকেয়া মহার্ঘভাতা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী।
বৃহস্পতিবার শীর্ষ আদালতে ফের বকেয়া মহার্ঘভাতার মামলার শুনানি হতে চলেছে।

Comments :0

Login to leave a comment