AIDWA denounces Agimitra Paul

ফুটপাতে মা-কে হেনস্তা, ক্ষমা চাইতে হবে অগ্নিমত্রাকে, দাবি মহিলা সমিতির

রাজ্য কলকাতা

এটা দুধ গরম করার জায়গা! মন্ত্রীর ধমকে শিল্পীর প্রতিবাদ। ফেসবুক থেকে।

রাজ্যে বিজেপি সরকারের ১০০ দিনে পঞ্চাশের বেশি নারী নির্যাতনের ঘটনা ঘটেছে, অন্নপূর্ণা ভাণ্ডারে মহিলারা টাকা না পেয়ে সমগ্র রাজ্যে বিক্ষোভ দেখাচ্ছেন। মালদার গাজোলে অন্নপূর্ণার ভান্ডারের টাকা না পেয়ে একজন মহিলা আত্মঘাতী হলেন, এসব নিয়ে কোনও কথা নেই। অথচ একজন মা-কে তাঁর সন্তানের জন্য ফুটপাতে বসে দুধ গরম করেছেন বলে হেনস্থা হতে হলো।
রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পালের আচরণে ক্ষোভ জানিয়ে একথা বলেছে সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি। এদিকে সিপিআই(এম) পলিট ব্যুরো সদস্য নীলোৎপল বসু প্রতীকী ছবি দিয়ে সোশাল মিডিয়া পোস্টে বলেছেন যে পৃথিবীর কোন শহরই গরিব শূন্য হয়ে বেঁচে থাকতে পারে না। সে ক্ষেত্রে শহরের অস্তিত্বই প্রশ্নের মুখে পড়ে যাবে। 
গতকাল, শনিবার, পার্ক স্ট্রিটে ফুটপাতে এক মহিলা দুধ গরম করছিলেন। কলকাতার ফুটপাত দেখতে বেরিয়ে সে দৃশ্য দেখেন রাজ্যের পৌর মন্ত্রী অগ্নিমিত্রা পাল। কড়া দমক দিয়ে গরিব মহিলাকে মন্ত্রী বলেন, এখানে কী হচ্ছে। শিশুর জন্য দুধ গরম করার কথা শুনে মন্ত্রী বলেন, ফুটপাত দুধ গরম করার জায়গা? ফুটপাতে গরিব পরিবারের সামান্য সরঞ্জাম তুলে দেওয়ার নির্দেশ দিতে থাকেন সঙ্গে থাকা প্রশাসনিক আধিকারিকদের। 
মহিলা সমিতির রাজ্য সভাপতি জাহানারা খান এবং রাজ্য সম্পাদক মোনালিসা সিনহা বলেছেন, আমরা এই ঘটনার তীব্র নিন্দা করছি এবং এই আচরণের জন্য অবিলম্বে অগ্নিমিত্রা পালকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে এই দাবি জানাচ্ছি। রাজ্যের সরকারকেও এই বিষয়ে উপযুক্ত পদক্ষেপ নেওয়ার দাবি জানাচ্ছি।
মহিলা সমিতি বলেছে, যেভাবে একজন মাকে ফুটপাথে তাঁর শিশুর দুধ গরম করার জন্য হেনস্থা করলেন তা দেখে আমরা হতবাক, একজন মায়ের সাথে রাজ্যের মন্ত্রী এরকম আচরণ করতে পারেন? তারা নির্বাচিত! এতটুকু সহানুভূতি মানুষ হয়ে মানুষের জন্য থাকবে না? এরা জনপ্রতিনিধি!
আমাদের সমাজে অর্থনৈতিক বৈষম্য রয়েছে। সরকারী নীতির ফলে এই পার্থক্য প্রতিদিন আরও বৃদ্ধি পাচ্ছে তাই ঐ মায়ের মতো অসংখ্য মাকে ফুটপাথে তাঁর সন্তানকে মানুষ করতে হচ্ছে। 
সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির রাজ্য নেতৃবৃন্দ বলেছেন, সরকার এই প্রান্তিক মানুষগুলোর সমস্যার সমাধানের কথা না ভেবে ঐ মহিলার সাথে রাজ্যের মন্ত্রী যিনি নিজেও একজন মহিলা যে অমানবিক আচরণ করলেন তা অবশ্যই ধিক্কার যোগ্য।

Comments :0

Login to leave a comment