Attack on CPI(M) Book Stall

ভান্ডানি মেলায় সিপিআই(এম)'র বুক স্টলে হামলা রুখলেন সাধারণ মানুষ

জেলা

রাজ্যজুড়ে দুর্গাপুজোর দিন গুলিতে বামপন্থী ও প্রগতিশীল বইয়ের স্টলে হামলার অভিযোগের পর এবার ধূপগুড়ির ঐতিহ্যবাহী ভান্ডানি মেলায় সিপিআই(এম)'র বুক স্টলে হামলার অভিযোগ উঠল বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। বৃহস্পতিবার ধূপগুড়ি ব্লকের গধেয়ারকুঠি গ্রাম পঞ্চায়েতের ভান্ডানি এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। সিপিআই(এম) কর্মীদের পাশাপাশি মেলায় আসা সাধারণ মানুষ প্রতিরোধ গড়ে তোলায় হামলাকারীরা পিছু হটতে বাধ্য হয় বলে অভিযোগ।
প্রতি বছরের মতো এবারও মেলা কমিটির নিয়ম মেনে অনুমতি নিয়েই মেলায় প্রগতিশীল সাহিত্য ও বইয়ের স্টল করা হয়েছিল। দীর্ঘদিন ধরে এই মেলায় বইয়ের প্রদর্শনী ও বিক্রি হয়ে আসছে। অভিযোগ, এদিন গধেয়ারকুঠি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান কৃষ্ণা রায়ের নেতৃত্বে বিজেপি আশ্রিত একদল লোক ওই স্টলে চড়াও হয়। স্টল ভেঙে দেওয়া এবং বইপত্র ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয়। স্টলে থাকা মহিলা কর্মীদের উপরেও হামলার চেষ্টা হয় বলে অভিযোগ।
এই ঘটনায় মেলায় উপস্থিত সাধারণ মানুষ ক্ষোভে ফেটে পড়েন। সিপিআই(এম) কর্মীদের সঙ্গে তাঁরা প্রতিরোধ গড়ে তোলেন। সম্মিলিত প্রতিরোধের মুখে হামলাকারীরা এলাকা ছেড়ে চলে যায় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।মেলা কমিটির উদ্যোক্তারাও ঘটনার নিন্দা করেছেন।তাঁদের বক্তব্য, নিয়ম মেনে অনুমতি নিয়ে তৈরি একটি বইয়ের স্টলে এই ধরনের হামলা মেলার শান্তিপূর্ণ ও সম্প্রীতির পরিবেশ নষ্ট করার চেষ্টা।
সিপিআই(এম) ধূপগুড়ি পশ্চিম এরিয়া কমিটির সদস্য নিরঞ্জন রায় বলেন, দীর্ঘদিন ধরে মেলা কমিটির নিয়ম মেনেই তাঁরা প্রগতিশীল বইয়ের স্টল করে আসছেন। তাঁর অভিযোগ, সাধারণ মানুষের মধ্যে রাজনৈতিক সচেতনতা ও প্রগতিশীল চিন্তার প্রসার রুখতেই এই হামলার চেষ্টা হয়েছে। উপপ্রধান কৃষ্ণা রায়ের নেতৃত্বে স্টল ভাঙার ষড়যন্ত্র করা হয়েছিল বলেও অভিযোগ করেন। তবে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে কর্মীরা প্রতিরোধ গড়ে তোলায় হামলাকারীরা পিছু হটতে বাধ্য হয়েছে বলে দাবি করেন।
ঘটনার পর এলাকায় উত্তেজনা থাকলেও বুক স্টলে বই বিক্রি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন উদ্যোক্তারা।সাধারণ মানুষও স্টলটি পাহারা দিচ্ছেন। প্রগতিশীল সাহিত্য ও মতপ্রকাশের স্বাধীনতার উপর এই ধরনের হামলার অভিযোগকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে।

Comments :0

Login to leave a comment