TMC BJP Baduria

টেবিলে টাকার বান্ডিল! একদিকে তৃণমূল অন্যদিকে বিজেপির দুই নেতা, তোলপাড় বাদুড়িয়ায়

রাজ্য জেলা

টেবিলে টাকার বান্ডিল। টেবিলের একদিকে বিজেপির নেতারা আর অপর প্রান্তে তৃণমূলের দাপুটে নেতা।

এখানে কে রাজা আর কে টুনটুনি এ নিয়ে বিতর্কসভা হতেই পারে! কিন্তু 'তৃণমূল মানে টাকার বান্ডিল' আর 'টাকার বান্ডিল মানে তৃণমূল' এই মিথ  ভাঙতে তৎপর হয়ে উঠেছে  বিজেপি। উদাহরণ উত্তর ২৪পরগনার বাদুড়িয়া। সেখানে নগদ টাকার বান্ডিল নিয়ে বসে আছেন বিজেপি নেতারা। সামনের চেয়ারে তৃণমূল নেতা। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি ভিডিও এখন ভাইরাল এবং তাকে কেন্দ্র করে বাদুড়িয়ায় তুঙ্গে রাজনৈতিক তরজা। চায়ের দোকান থেকে পাড়ার ঠেক। একটাই কথা এতো মুদ্রার এপিঠ ও পিঠ।
বাদুড়িয়ার রাজনৈতিক মহলে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ছবি ও ভিডিও। সেখানে টেবিলজুড়ে সাজানো মোটা টাকার বান্ডিলের পাশে বসে থাকতে দেখা যাচ্ছে বসিরহাট জেলা বিজেপির সদস্য বহুল পরিচিত বিশ্বজিৎ পাল ও সঞ্জয় ঘোষকে। যদিও ভাইরাল হওয়া ছবি এবং ভিডিও'র সত্যতা যাচাই করে নি 'গণশক্তি'। টেবিলে টাকার বান্ডিল। তার অপর প্রান্তে বিজেপি নেতাদের মুখোমুখি বসে রয়েছেন বাদুড়িয়ার এক প্রভাবশালী তৃণমূল নেতা। ভাইরাল ছবিতে দেখা যায়, একটি বন্ধ ঘরে টেবিলের উপর রাখা বিপুল পরিমাণ নগদ টাকার পাশে সাদা জামা পরিহিত বিশ্বজিৎ পাল এবং হলুদ পাঞ্জাবি পরিহিত সঞ্জয় ঘোষ বসে রয়েছেন। এই ছবিকে সামনে এনে বিজেপি-রই একাংশ অভিযোগ তুলেছে, অবৈধ অর্থ লেনদেনের সঙ্গে দলের কয়েকজন নেতার যোগ থাকতে পারে। যদিও এই অভিযোগের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। 
স্থানীয়দের দাবি, বাদুড়িয়ার একটি পরিত্যক্ত চিটফান্ড অফিস বর্তমানে বিজেপি'র স্থানীয় কার্যালয় হিসেবে ব্যবহার করা হচ্ছে। অভিযোগ, সেখান থেকেই দীর্ঘদিন ধরে দলীয় প্রভাব খাটিয়ে বিভিন্ন কাজ করে দেওয়ার নামে অর্থ লেনদেন চলত। সন্ধ্যার পর ওই অফিসে বিভিন্ন মানুষের আনাগোনাও বাড়ত বলে দাবি এলাকার একাংশের।
এই বিতর্ক এমন এক সময়ে সামনে এলো, যখন বাদুড়িয়ার রাজনৈতিক সমীকরণ নিয়ে জল্পনা তুঙ্গে। বাদুড়িয়ার পৌরপ্রধান দীপঙ্কর ভট্টাচার্যের বাড়ি ও পাটখেত থেকে বিপুল পরিমাণ নগদ অর্থ উদ্ধারের ঘটনায় জেলা রাজনীতি সরগরম রয়েছে । তার পরই একটি টেবিলে টাকার বান্ডিল।  প্রশ্ন উঠতে শুরু করেছে যে বাদুড়িয়া পৌরসভার জেলবন্দি পৌরপ্রধান দীপঙ্কর ভট্টাচার্যের যাবতীয় কুকীর্তি ঢাকতে টাকার বিনিময়ে রফার চেষ্টায চলছিল? নাকি  আরও কোনও বড় উদ্দেশ্য লুকিয়ে আছে ভাইরাল ভিডিও-তে ?

 

Comments :0

Login to leave a comment