Minakhshi Mukherjee Berhampur

ভোটাধিকার, উচ্ছেদ বন্ধের দাবিতে চলবে লড়াই, ঘোষণা বহরমপুরের সমাবেশে

রাজ্য জেলা

বহরমপুরে সমাবেশে মীনাক্ষী মুখার্জি।

এসআইআরে নাম বাদ গিয়েছে গ্রামের মানুষের।  তা নিয়ে চিন্তিত নয় বিজেপি বা তৃণমূল। ভোটাধিকারের পক্ষে লড়াই চালাচ্ছে লাল ঝান্ডা। এ লড়াই থেকে সরা যাবে না। সব প্রকৃত ভোটারের ভোটাধিকার ফেরাতে হবে। হকার উচ্ছেদ, বস্তি উচ্ছেদ বন্ধ করতে হবে।
বৃহস্পতিবার বহরমপুরে সমাবেশ থেকে এই মর্মে হুঁশিয়ারি দিয়েছে সিপিআই(এম)। নেতৃবৃন্দ বলেছেন, ভোটার তালিকায় নাম না ফিরলে জেলা শাসকের দপ্তরে যাবেন লক্ষ লক্ষ মানুষ। এদিন বৃষ্টির মধ্যে ছাতা মাথায় সমাবেশে হাজির থেকেছে জনতা। ভিড় উপচে পড়েছে মাঠে।
এফইউসি মাঠে এই সমাবেশে সিপিআই(এম) কেন্দ্রীয় কমিটির সদস্য মীনাক্ষী মুখার্জি বলেন, ভোটাধিকার ফিরিয়ে দিতেই হবে। ভোটাধিকার কেড়ে নিয়ে মানুষের অধিকার, রেশন, শিক্ষা, স্বাস্থ্য থেকে গরিব মানুষকে বঞ্চিত করতে চাইছে সরকার। এই অন্যায় মেনে নেওয়া যাবে না। দরকার হলে ভোটার তালিকায় নাম বাদ যাওয়া সব মানুষকে ঐক্যবদ্ধ করে জেলা শাসকের দপ্তরে যেতে হবে।
ভোটাধিকার ফেরত, উচ্ছেদ বন্ধ সহ একাধিক দাবি নিয়ে সিপিআই(এম)’র ডাকে হয়েছে এই সমাবেশ। বক্তব্য রেখেছেন ডোমকলের বিধায়ক মোস্তাফিজুর রহমান, জেলা সম্পাদক জামির মোল্লা। রহমানের নেতৃত্বে প্রতিনিধিদল ডেপুটেশন দেয় জেলা শাসকের দপ্তরে। জেলা শাসকের সঙ্গে আলোচনা করেন প্রবীণ নেতা সচ্চিদানন্দ কাণ্ডারী।
জনসভায় জামির মোল্লা বলেন, মানুষের প্রতিদিনের প্রয়োজন নিয়ে হুঁশ নেই বিজেপি বা তৃণমূলের। দুই দল ছায়া লড়াইয়ে ব্যস্ত। বামপন্থীরা পরিষ্কার বলছে, দ্রব্যমূল্য বৃদ্ধি করা যাবে না। অভিন্ন দেওয়ানি বিধি বাতিল করতে হবে, অন্য অনগ্রসর অংশকে বঞ্চিত করা যাবে না। 
সভায় মোস্তাফিজুর রহমান বলেন, মানুষের বিরুদ্ধে নীতি নিয়ে চলছে বিজেপি। পূর্বতন বামফ্রন্ট সরকার সংখ্যালঘুর অধিকার সুনিশ্চিত করেছিল। তৃণমূল সব অধিকার ধ্বংস করেছে। বিজেপি সেই পথেই হাঁটছে। সংখ্যালঘু মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছেন। ভোটাধিকার কেড়ে নেওয়া হচ্ছে। 
আইনজীবী সামিম আহমেদ বলেছেন, ভোটাধিকার কাড়তে দেওয়া চলবে না। সকলকে ঐক্যবদ্ধ করেই লড়তে হবে।
মীনাক্ষী মুখার্জি বলেছেন, সিপিআই(এম) আগেই বলেছিল তৃণমূলের জুতোয় পা গলিয়ে রাজ্য চালাবে  বিজেপি। সেটাই হচ্ছে। ‘ভালো তৃণমূল’ বলে অপরাধীদের দলে টানছে বিজেপি। ধর্ষকদের দলে টানা হচ্ছে। 
শিক্ষা থেকে শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়েও বিজেপি এবং তৃণমূলকে আক্রমণ করেছেন মীনাক্ষী। 
সমাবেশ পরিচালনা করেন জামির মোল্লা। উপস্থিত ছিলেন সেখ হাসিনা, সোমনাথ সিংহ রায়, ধ্রুবজ্যোতি চক্রবর্তী।

Comments :0

Login to leave a comment