CPI(M)'s Community Kitchen Habra

হাবড়ায় গুঁড়িয়ে দেওয়া হলো সিপিআই(এম)'র কমিউনিটি কিচেন

রাজ্য জেলা

ছবি- সুস্মিত দাস

রাজ্যে পালাবদলের পর উত্তরপ্রদেশ মডেলে শুরু হয়েছে বুলডোজার নীতি। রাজ্যের বিভিন্ন রেলওয়ে স্টেশন  হকার উচ্ছেদ হচ্ছে বুলডোজার দিয়ে। এবার সেই বুলডোজার চলল হাবড়ায়। ভেঙে দেওয়া হলো গত একমাস ধরে চলা সিপিআই(এম)'র কমিউনিটি কিচেন। ভেঙ্গে দেওয়া হলো গরিব মেহনতি মানুষগুলোর মুখে দুমুঠো অন্ন তুলে দেওয়ার জায়গাটা। রেলের জায়গাতেই ছিল সিপিআই(এম)'র হাবড়া শহর দক্ষিণ এরিয়া কমিটির ১৩ নম্বর ওয়ার্ডের এই পার্টি অফিসটা। সেখানেই গত একমাস ধরে চলছিলো এই জনতার রান্নাঘর।


কর্মসংস্থানের আশ্বাস দিয়ে ক্ষমতায় এসে বিজেপি সরকারে বেপরোয়াভাবে পুনর্বাসনহীন হকার উচ্ছেদ শুরু করেছে। বুলডোজারে চলছে বস্তি উচ্ছেদও। হাজার হাজার মানুষ রুজি-রোজগার হারিয়ে নিয়ে অসহায়ভাবে রাস্তায় এসে দাঁড়িয়েছেন। গত ১৪ জুন হাবড়াতে রাতের অন্ধকারে বুলডোজার চালিয়ে ভেঙে দেওয়া হয় স্টেশন এবং স্টেশনের আশেপাশে দুই-শতাধিক ছোটো বড় দোকান এবং পাঁচ শতাধিক মানুষের বস্তি। তার পরদিন থেকেই উচ্ছেদ হওয়া হকার ও বস্তিবাসী গৃহহীন মানুষের জন্য হাবড়াতে শুরু হয় জনতার রান্নাঘর। গত একমাস ধরে চলা সেই কমিউনিটি কিচেনের প্রথম পর্বের শেষ দিন ছিলো বুধবার। সাময়িক বিরতির পর আরও বড় আকারে জনতার রান্নাঘর শুরু করবার প্রস্তুতির মুখেই মানুষকে সংগঠিত করে মানুষের পাশে দাঁড়াবার জায়গাটা ভেঙে দিলেন রেল কর্তৃপক্ষ।

আজকের এই বুলডোজার অভিযানে বেজায় ক্ষুব্ধ সাধারণ মানুষ। তাঁরা আজ ভাঙা পার্টি দপ্তরের সামনেই স্লোগান তোলেন "গরীব মারা সরকার,আর নেই দরকার"।

Comments :0

Login to leave a comment