Siliguri Burdwan Road Flyover

শিলিগুড়িতে নতুন ফ্লাইওভার উদ্বোধন মুখ্যমন্ত্রীর

রাজ্য জেলা

অনিন্দিতা দত্ত: শিলিগুড়ি

পূর্ত দপ্তরের অধীনে বর্ধমান রোডের ওপর প্রায় ১০০কোটি টাকায় তৈরী হওয়া ফ্লাইওভার নির্মানের কাজ শুরু হয়েছিলো গত ২০১৮সালে। বর্ধমান রোডে এয়ারভিউ মোড় থেকে ঝঙ্কার মোড় হয়ে কারবালা ময়দান সংলগ্ন এলাকা পর্যন্ত ফ্লাইওভারটি নির্মান কাজ শুরু হয়েছিলো। দীর্ঘ ৮বছর ধরে এই ফ্লাইওভারের কাজ শেষ ও উদ্বোধন নিয়ে রাজনৈতিক টানাপোড়েন শেষে শিলিগুড়িতে বহু প্রতীক্ষিত বর্ধমান রোডের ফ্লাইওভারের উদ্বোধন হলো। রাজ্যে রাজনৈতিক পালা বদলের পর শিলিগুড়ি বর্ধমান রোডের ফ্লাইওভারের রঙ নীল সাদা থেকে বদলে ফেলা হয়েছে গেরুয়া সাদাতে। ফ্লাইওভারের ভেতরের দিকের রঙ করা হয়েছে সাদা ও কালো। ফ্লাইওভারের বাইরের রঙ পরিবর্তিত হয়েছে গেরুয়া সাদা রঙে। বর্ধমান রোডের ওপর নির্মীয়মান উড়ালপুলের কাজ দীর্ঘ বছর ধরে থমকে ছিলো। বিগত তৃণমূল কংগ্রেস পরিচালিত রাজ্য সরকারের সময় দফায় দফায় একাধিক কাজ করা, কখনও কাজ বন্ধ থাকা, বহু অর্থ ব্যয় করে ফ্লাইওভারে নীল সাদা রঙ করা, লাইট লাগিয়ে সুসজ্জিত করে তোলা, শিলিগুড়ির মেয়র গৌতম দেবের মুখে ফ্লাইওভার উদ্বোধনের একাধিক তারিখ ঘোষণা এবং পরেও সেই নির্দিষ্ট উদ্বোধনের তারিখ পিছিয়ে দেওয়া সহ নানা টালবাহানা চলেছে বছরের পর বছর। বর্ধমান রোড শহরের ব্যস্ততম রাস্তাগুলোর মধ্যে একটি। উত্তর পূর্ব সীমান্তের বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য অন্যতম রাস্তা এই বর্ধমান রোড। বর্ধমান রোড ধরে জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এমনকি ভুটানের দিকেও বাস বা অন্যান্য গাড়ি চলাচল করে। শহরের যানজট সমস্যায় জর্জরিত শহরবাসী। এই সমস্যা সমাধানের জন্য দীর্ঘ আট বছর আগে শহরের যানজট সমস্যার সমাধানের লক্ষ্যে প্রায় এক কিমি রাস্তা জুড়ে বর্ধমান রোডে উড়ালপুল তৈরীর কাজ শুরু হয়েছিলো। কাজ শুরুর পরে দীর্ঘ অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে ছিলো। ফলে শহরের যানজট সমস্যার সমাধান হওয়া তো দূরের কথা, অর্ধসমাপ্ত উড়ালপুলের কাজের দরুন এলাকাবাসীদের বহুবিধ সমস্যার মুখোমুখি হতে হয়েছে। অভিযোগ, কাজ শুরু হওয়ার পর থেকেই এই নির্মাণের কাজ চলেছে অত্যন্ত ধীর গতিতে। চলতি বছরের মার্চ মাসের মাঝামাঝি সময় এই ফ্লাইওভারের নির্মান কাজ শেষ হলেও নির্বাচনী বিধিনিষেধের কারণে উদ্বোধন আটকে যায়। প্রথম থেকেই কাজ শেষ করে জনগনের জন্য ফ্লাইওভারটি খুলে দেবার দাবি ছিলো শিলিগুড়ি শহরবাসীদের। সরকারের পরিবর্তন ঘটলেও সেই দাবির পরিবর্তন ঘটেনি। বারংবার রঙের পরিবর্তন নয়, শহরবাসিন্দারা চাইছিলেন দূর্ভোগের অবসান ঘটাতে অতিদ্রুত বর্ধমান রোডের ওপর ফ্লাইওভারটি চালু করা হোক।
সোমবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শিলিগুড়িতে বহু প্রতীক্ষিত বর্ধমান রোডের ফ্লাইওভারের উদ্বোধন করেন। এদিন ফ্লাইওভারের উদ্বোধনকে কেন্দ্র করে এয়ারভিউ মোড়ে মঞ্চ বাধা হয়েছিলো। এই উদ্বোধনকে কেন্দ্র করে শহর যানজটে অবরুদ্ধ হয়ে পড়ে। প্রশাসনিক বৈঠক সেরে উত্তরকন্যা থেকে বিকেল প্রায় ৫টা ৪০ মিনিট নাগাদ মুখ্যমন্ত্রী এয়ারভিউ মোড়ে মঞ্চে উপস্থিত হন। সেখানে বক্তব্য রাখার পরে রিমোটের মাধ্যমে বর্ধমান রোড ফ্লাই ওভারের উদ্বোধন করেন। এরপর ফিতে কেটে ফ্লাইওভারের ওপর দিয়ে কিছুটা হাঁটার পরে, ফ্লাইওভার থেকে নেমে সোজা গাড়িতে চেপে বেরিয়ে যান। মুখ্যমন্ত্রী বলেছেন, এই কর্মসূচিতে জটিলতার কারণে বিগত রাজ্যের সরকার কেন্দ্রের সরকারের সাথে যুদ্ধ করেই সময় কাটিয়ে দিয়েছে। দেশের পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ন উত্তরবঙ্গ। উত্তরবঙ্গে দুইহাত ভরে উন্নয়ন দেব। উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের বাজেট দ্বিগুন ২২০০ কোটি টাকা করা হয়েছে। জিটিএ’র ডেভেলপমেন্ট দ্বিহুন করেছি। উত্তরবঙ্গ এতোদিন পায়নি। আমরা ১০টি মন্ত্রী উত্তরবঙ্গ থেকে করেছি। এর আগে এতো মন্ত্রী কখনই উত্তরবঙ্গ থেকে ছিলো না। তিনি বলেন, দশ সপ্তাহের মধ্যে ছয় থেকে সাতবার উত্তরবঙ্গে আমার আসা হয়ে গেছে। আরও আসব, আরও পাবেন। রেল যেখানে যেখানে জমি চেয়েছে হিলি থেকে কোচবিহার পর্যন্ত রেলের জমি দেওয়া হচ্ছে। বিএসএফ বর্ডারে সীমান্ত সুরক্ষিত করতে যতো জমি চেয়েছে আমরা দিয়েছি। বাগডোগরা এয়ারপোর্টের সম্প্রসারণে আরও জমি দেব। উত্তকন্যায় অধিকাংশ দপ্তর ট্রান্সফার করব। যাতে উত্তরবঙ্গের মানুষদের কলকাতায় সব কাজের জন্য ছুটতে না হয়। নতুন সরকার আসার পরে ৫০০ আরওবি (রোড ওভার ব্রিজ) রেল আর পশ্চিমবঙ্গ সরকার মিলে করছে। ৫০শতাংশ টাকা রেল আর ৫০ শতাংশ টাকা আমরা আগে দিয়েছি। এখন তো রেল বলেছে ১০০ শতাংশ টাকাই তারা দেবে। মোদীর নেতৃত্বে ডবল ইঞ্জিনের সুফল আজকে দেখলেন, আগামীদিনেও দেখবেন। ‘বিকাশ ভি হোগা, বিরাসত ভি হোগা’। ঐতিহ্য ও উন্নয়ন দুইকে সাথে নিয়েই আমরা এগোব।  
ফ্লাইওভার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত, পর্যটনমন্ত্রী শঙ্কর ঘোষ, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী নিশীথ প্রামানিক, রাষ্ট্রমন্ত্রী আনন্দময় বর্মন ও বিশাল লামা, সাংসদ রাজু বিস্তা, দূর্গা মুর্মু, বিধায়ক শিখা চ্যাটার্জি সহ অন্যান্যরা।

Comments :0

Login to leave a comment