TMC

মেট্রোপলিটানে তৃণমূল দপ্তরের দখল নিয়ে নাটকীয় সংঘাত দুই গোষ্ঠীর

রাজ্য কলকাতা

মেট্রোপলিটানে তৃণমূলের দপ্তর ঘিরে তুঙ্গে উঠল দুই গোষ্ঠীর টানাপোড়েন। 
শুক্রবার বিকেলে মেট্রোপলিটানে তৃণমূলের দপ্তরে যান বিক্ষুব্ধ গোষ্ঠীর নেতারা। এদিন ঋতব্রত ব্যানার্জি, সন্দীপন সাহা ছাড়াও ছিলেন ফিরহাদ হাকিম, জাভেদ খান, আখরুজ্জামান সহ অন্যানরা। 
এই ঘটনার পরই মেট্রোপলিটানে দপ্তরে যান মমতা ব্যানার্জির অনুগামী অংশের কুনাল ঘোষ, বৈশ্বানর চ্যাটার্জি, মদন মিত্র সহ তৃণমূল নেতৃবৃন্দ। কিন্তু গিয়ে দেখেন বাইরের গেটে তালা দেওয়া।  
গতকাল, বৃহস্পতিবারই দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে দেখা করেন বিধানসভার বিরোধী দলনেতা ঋতব্রত ব্যানার্জি সহ বিক্ষুব্ধ গোষ্ঠীর বিধায়করা।  
ফলে মেট্রোপলিটনে তৃণমূলের দলীয় দপ্তরের দখল নিল তৃণমূলের বিক্ষুদ্ধ অংশ। তাঁরা বেরনোর পরই তালা লাগিয়ে দেন এই দপ্তরের সব কটি গেটে।  
এদিন, বাইপাস ধাবার কাছে নেমে হেঁটেই তৃণমূলের ওই দপ্তরে যান বিক্ষুদ্ধ বিধায়করা। ওই বাড়ির মালিকের সঙ্গে কথা বলেই তাঁরা এসেছেন বলে জানান ঋতব্রতরা। বিধানসভায় তৃণমূলের বিক্ষুব্ধ গোষ্ঠীর মুখ্য সচেতক আখরুজ্জামান বলেছেন, ‘‘আমাদের পার্টি অফিস আমরা এসেছি। তৃণমূলের পার্টি অফিসে এসে কোনও অন্যায় করিনি। আমি আগেও আসতাম। আমরা তো তৃণমূলই।’’  
যখন বিক্ষুব্ধ তৃণমূল বিধায়করা ভেতরে রয়েছেন ঠিক সেই সময়ই বাইরে নতুন ব্যানার লাগাতে দেখা গেল। দলের নাম অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস ও প্রতীক ঘাসের উপর জোড়া ফুল থাকলেও নেই মমতা ব্যানার্জি বা অভিষেক ব্যানার্জির ছবি। সেই ব্যানারে রয়েছে চেয়ারম্যান হিসেবে মধ্য হাওড়ার বিধায়ক অরূপ রায়ের নাম। বিক্ষুব্ধ তৃণমূল বিধায়করা কয়েকদিন আগেই রাজারহাটের পাঁচতারা হোটেলে তাঁদের জাতীয় কর্ম সমিতির বৈঠক করে অরূপ রায়কে চেয়ারম্যান হিসেবে ঘোষণা করেন। 
এক প্রশ্নে ঋতব্রত ব্যানার্জি বলেন, ‘‘মমতা ব্যানার্জিকে আমাদের পরিষদীয় দলের প্রধান পরামর্শদাতা হিসেবে চাই।’’ পরে তৃণমূলের বিক্ষুব্ধ বিধায়করা দলীয় অফিস থেকে বেরিয়ে আসেন। তারপরই সেই দলীয় দপ্তরে তালা দিতে দেখা যায় কয়েকজনকে। এর থেকে স্পষ্ট মমতা অনুগামী অংশের হাত থেকে কার্যত তৃণমূলের এই দলীয় দপ্তর হাতছাড়া হয়েছে। 
এই ঘটনার পরই মেট্রোপলিটনের দলীয় দপ্তরের সামনে পৌঁছান কুনাল ঘোষ, বৈশ্বানর চ্যাটার্জি সহ তৃণমূলের নেতৃবৃন্দ। ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী ও কেন্দ্রীয় বাহিনী। 
সাংবাদিকদের কুনাল ঘোষ বলেন, "যাঁরা এখানে এসেছিলেন তাঁরাও তৃণমূলেরই বিধায়ক। তৃণমূলের প্রতীকেই তাঁরা জয়যুক্ত হয়েছেন। ভোটের সময় মমতা ব্যানার্জির ছবি ব্যবহার করেছেন।’’
রাজ্যে গত পনের বছরে রাজনীতিতে দল ভাঙানোকে প্রাতিষ্ঠানিক চেহারা দিয়েছে তৃণমূল। দখল করেছে অন্য দলের দপ্তর। এখন সরকার হারানোর দু’মাসের মধ্যে দল এবং দপ্তর সামলাতে দিশেহারা মমতা ব্যানার্জি।

Comments :0

Login to leave a comment