কাটোয়া স্টেশনে রেল হকার উচ্ছেদের ফলে হকার অপূর্ব সাহা (চাঁদ) (৩১) কাজ হারিয়ে বৃহস্পতিবার গভীর রাতে আত্মহত্যা করেছেন। কাটোয়া পৌরসভা ১৪ নম্বর ওয়ার্ডের পঞ্চবটি পাড়াতে তিনি বাস করতেন। গত একমাস ধরে কাটোয়া স্টেশনে হকারি করতে বাধা দিচ্ছিল আরপিএফ। অপূর্ব কাটোয়া স্টেশনে গরমের সময় লেবু পানীয় জল বিক্রি করতো। অন্য সময়ে হেড ফোন, চাবির রিং, মানিব্যাগ এই সব বিক্রি করেই সংসার চালাতেন। বাড়িতে তাঁর অসুস্থ্য বাবা, মা আছেন। অভাবের সংসার মাইক্রোফিনান্স থেকে ঋণ নিয়ে হকারি করতেন। সেই টাকার কিস্তি শোধ করতে পারছিলেন না কাটোয়া স্টেশনে হকারি বন্ধ হবার কারণে। স্টেশনে স্টেশনে হকার উচ্ছেদের কারণে বেশ কিছুদিন তাঁর কাজ ছিল না। এখানে সেখানে ঘুরে বেড়াতে দেখা গেছে তাঁকে। মধ্য রাতে বাড়িতেই গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয়েছেন। এই আত্মহত্যার খবর কাটোয়া শহরে ছড়িয়ে পড়তেই হকারদের মধ্যে ক্ষোভের আগুন জ্বলে ওঠে। এদিনই রেল ও স্ট্রীট হকারদের বর্ধমানে বিক্ষোভ সভা ছিল সেই সভা চলাকালীন রেল হকার অপূর্ব সাহার আত্মহত্যার খবর এসে পৌঁছায়। হকারদের মধ্যে ডাবল ইঞ্জিন সরকারের প্রতি ঘৃণা ও ক্ষোভ প্রকাশ পায়। অনেক হকারই প্রশ্ন তোলেন রেল কি কার্পোরেটের সম্পত্তি? বিজেপি সরকার রেলকে কর্পোরেটের কাছে বিক্রি করতে চায়ছে এ জিনিস মেনে নেওয়া হয়ে না। আন্দোলন আরও জোরদার করার শপথ নিয়েছেন বর্ধমানের সভা থেকে হকার’রা। অন্যদিকে রেল হকারের আত্মহত্যার খবর পেয়েই সিআইটিইউ নেতা সুজিত রায়, বাপী দেব, কৃষ্ণ মন্ডল’রা তাঁর বাড়িতে গিয়ে পরিবারের পাশে দাঁড়ান।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়, গত একমাস ধরে কাটোয়া স্টেশনে হকারি বন্ধ হবার ফলে ঋণগ্রস্ত হয়ে পড়ে এই পরিবার। মাইক্রোফিনান্স থেকে টাকা ধার নিয়ে ছিলেন কিন্তু কাজ বন্ধ হবার ফলে ঋণের টাকা শোধ করতে পারছিলেন না। পাওনাদারের চাপ বাড়ছিল। সেই চাপ সহ্য করতে না পেরেই আত্মঘাতী হয়েছেন তাঁদের ছেলে অপূর্ব।
Hawker Commits Suicide
উচ্ছেদ, কাজ হারিয়ে আত্মঘাতী কাটোয়ার হকার
×
Comments :0