মুখ্যমন্ত্রীর কথাই সার! ফের উচ্ছেদ হলো হকার। মহেশতলার নুঙ্গী স্টেশন ও স্টেশন চত্বরে হকার উচ্ছেদ করলো রেল। শনিবার মাঝরাতে বুলডোজার চালিয়ে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে সমস্ত দোকান। কলকাতা হাইকোর্টে হকার উচ্ছেদ সংক্রান্ত মামলা চলছে। তা সত্বেও বিশাল পুলিশ বাহিনী দিয়ে গোটা এলাকা ঘিরে ফেলে বুলডোজার চালিয়ে ভেঙে দেওয়া হয়েছে সমস্ত দোকান।
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছিলেন শারদোৎসবের আগে কোনও হকার উচ্ছেদ হবে না। শনিবার রাতে নুঙ্গী স্টেশনে হকারদের পাশে দাঁড়াতে সিপিআই(এম) দক্ষিণ ২৪ পরগনা জেলা সম্পাদক রতন বাগচী, প্রভাত চৌধুরী, পার্টির বাটা মহেশতলা এরিয়া কমিটির সম্পাদক রাজা মিত্র সহ অন্যান্যরা গভীর রাত পর্যন্ত স্টেশন স্থলে উপস্থিত ছিলেন। হকার উচ্ছেদের বিরুদ্ধে পার্টির তরফে বিক্ষোভ দেখানো হয়। উপস্থিত ছিলেন সিআইটিইউ নেতৃত্বও। নেতৃবৃন্দ এদিন হকারদের উচ্ছেদ আপাততো স্থগিত রাখার নির্দেশ সংবলিত আদালতের কপি নিয়ে রেল কর্তৃপক্ষর সঙ্গে কথা বলেন। কিন্তু কোনও তোয়াক্কা না করেই ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে দোকান।
নুঙ্গী স্টেশনে হকার উচ্ছেদের বিরুদ্ধে সোমবার হাইকোর্টে যাবেন ক্ষতিগ্রস্ত হকাররা। তাঁরা অভিযোগ করে বলেন, "কেন্দ্র ও রাজ্যের বিজেপি সরকারের স্বৈরাচারী নির্দেশ কার্যকরী করতে রেল কর্তৃপক্ষ বুলডোজার চালিয়ে হকারদের উচ্ছেদ করছে।"
রবিবার মহেশতলার নুঙ্গী স্টেশনে এভাবেই গুড়িয়ে দেওয়া হয়েছে দোকান।
Comments :0