জননেতা জ্যোতি বসু স্মরণে আর্কাইভ, গ্যালারি এবং মিউজিয়ামের প্রথম পর্যায়ের আনুষ্ঠানিক উদ্বোধন তাঁর ১১৩ তম জন্মদিবসেই। তার আগে বিশ্বকাপ নিয়ে ক্যুইজেরও আয়োজন করছে জ্যোতি বসু সমাজচর্চা ও গবেষণা কেন্দ্র।
মঙ্গলবার নিউ টাউনে এই কেন্দ্রে সাংবাদিক সম্মেলনে জানানো হয়েছে যে ৯ জুলাই সাতগাছিয়া কেন্দ্রে হবে ভবনের জন্য অর্থ সংগ্রহও। সাতগাছিয়া কেন্দ্রের বিধায়ক ছিলেন জ্যোতি বসু।
এদিন জ্যোতি বসু সমাজচর্চা ও গবেষণা কেন্দ্রের পক্ষে সাংবাদিক সম্মেলনে ছিলেন প্রবীণ সিপিআই(এম) নেতা রবীন দেব, সুখেন্দু পানিগ্রাহিও।
৮ জুলাই নিউ টাউনে জ্যোতি সমাজচর্চা ও গবেষণা কেন্দ্রেই হবে ১১৩ তম জন্মদিবসের অনুষ্ঠান।
দেব জানান, গ্রন্থাগারের কাজ চলছে। জ্যোতি বসুর ব্যবহৃত এবং সংরক্ষিত জিনিসপত্র রাখা হয়েছে। মিউজিয়াম, গ্যালারি এবং আর্কাইভ তৈরি করা হবে। ৮ জুলাই এর উদ্বোধন করবেন প্রাবন্ধিক ও চিন্তক অধ্যাপক শমীক বন্দোপাধ্যায়।
জ্যোতি বসু সমাজ চর্চা এবং গবেষণা কেন্দ্রের শিলান্যাস করেছিলেন প্রয়াত সীতারাম ইয়েচুরি।
রবীন দেব বলেন, গোটা দেশের গণতান্ত্রিক আন্দোলনে জ্যোতি বসুর ভূমিকা বিবেচনায় রেখে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। এর আগে বৃক্ষরোপণ কর্মসূচি, আলোচনা সভা হয়েছে এই সমাজ চর্চা এবং গবেষণা কেন্দ্রের উদ্যোগে।
মানুষের সাহায্য নিয়েই এই ভবন নির্মাণ চলছে। আগামী ১৭ জানুয়ারির মধ্যে এই ভবনের তিন তলার কাজ শেষ করার চেষ্টা করা হবে।
এই কেন্দ্রের উদ্যোগেই জল-জঙ্গল ও জমি রক্ষার আন্দোলন সংক্রান্ত বিশদে চর্চা হয়েছে জলপাইগুড়ি, মেদিনীপুর শহর। পরিবেশ আন্দোলনের কর্মী, গবেষক বিশেষজ্ঞরা এই আলোচনা সভায় অংশ নিয়েছেন।
দেব জানান, জ্যোতি বসু স্বাস্থ্য পরিষেবা কেন্দ্র চালু হয়েছে। প্রতি বৃহস্পতিবার এবং শনিবার দুপুর তিনটে থেকে সন্ধ্যা ৬টা এই শিবির চলে। ৫১৯ জনকে চিকিৎসা দেওয়ার সঙ্গে সঙ্গে ওষুধও দেওয়া হয়েছে।
তিনি জানান, বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে ৪ জুলাই, শনিবার, বেলা ১টা থেকে কুইজ প্রতিযোগিতা হবে। কুইজ প্রতিযোগিতায় প্রাক্তন খেলোয়াড়, ক্রীড়া সাংবাদিক, প্রশিক্ষকরা উপস্থিত থাকবেন।
৮ জুলাই আর্কাউভ উদ্বোধনের পর
আলোচনা সভাও হবে। ‘জ্যোতি বসুর শিক্ষা এবং উদ্ভূত পরিস্থিতি’ শীর্ষক আলোচনায় অংশ নেবেন সিপিআই(এম) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম, প্রবীণ সিপিআই(এম) নেতা সূর্যকান্ত মিশ্র এবং অধ্যাপিকা সঞ্চিতা সান্যাল। সভাপতি থাকবেন বামফ্রন্টের সভাপতি বিমান বসু।
দেব জানান যে ৯ জুলাই সাতগাছিয়াতে এই কেন্দ্রের জন্য অর্থ সংগ্রহ হবে। মহম্মদ সেলিম, বিমান বসু, সূর্য মিশ্রের পাশাপাশি অংশ নেবেন সিপিআই(এম) কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী, শমীক লাহিড়ী এবং দক্ষিণ ২৪ পরগনা জেলা সম্পাদক রতন বাগচী।
Comments :0