তারাতলা ঘটনায় দায় কার? কী ভাবে অনুমোদন পেলো ত্রুটিপূর্ণ নকশা? কলকাতা কর্পোরেশনের প্রাক্তন মেয়রের সই রয়েছে ওই প্ল্যানে। বৃহস্পতিবার বিধানসভাতেই শুভেন্দু অধিকারী বলেছিলেন, ‘‘কলকাতা কর্পোরেশনে ‘কালী’ না বললে কোনও প্ল্যান পাশ হয় না।"
কে এই 'কালী'? কর্পোরেশনে কী ভূমিকা তাঁর?
তারাতলা কাণ্ডেই কলকাতা কর্পোরেশনের প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের অন্যতম সহকারি এবং অফিসার অন স্পেশাল ডিউটি কালীচরণ ব্যানার্জিকে জেরার পর আটক করেছে পুলিশ। ৪ জুলাই পর্যন্ত পুলিশ হেপাজতের নির্দেশ দিয়েছে আদালত। ২০১৮ থেকে কলকাতা কর্পোরেশনে রয়েছেন এই কালী। মেয়র ফিরহাদ হাকিমের অফিসার অন স্পেশাল ডিউটি ছাড়াও সাংসদ তহবিল এবং বিধায়ক এলাকা উন্নয়ন প্রকল্পের কন্ট্রোলিং অফিসার ছিলেন তিনি। ফিরহাদ মেয়র হওয়ার পর খুব অল্প সময়ের মধ্যেই তাঁর আস্থাভাজন হন এই কালী। কলকাতা কর্পোরেশন এলাকায় যে কোনও নির্মাণে তাঁর পরোক্ষ যোগাযোগ থাকতো বলে অভিযোগ। ওই আধিকারিকের স্বাক্ষর ব্যতিত কলকাতা পৌরসভার কোনও বড় বিল্ডিং নকশাই ছাড়পত্র পেতো না। গার্ডেনরিচের নির্মীয়মান বাড়ি ভেঙে পড়া কান্ডেও ওই আধিকারিক জড়িত থাকলেও তৎকালীন শাসক ঘনিষ্ঠ হওয়ার সুবাদে তিনি গ্রেপ্তারিকে এড়াতে পেরেছিলেন।
তৃণমূল নেতা অভিষেক ব্যানার্জিকে উদ্দেশ্য শুভেন্দু অধিকারী আরও বলেছেন, "সবাই জানে, কালীকে নিয়োগ করেছে ক্যামাক স্ট্রিট। এই কালী বাইপাসের পাশে তৃণমূল ভবন বানাচ্ছে ২০০ কোটি টাকা দিয়ে। এখান থেকে টাকা তুলে ওখানে পাঠায়। আমরা সব জানি, সব বের করেছি।"
এই ঘটনার পর ফিরহাদ হাকিম বলেছেন, "প্ল্যান অনুমোদন দেওয়া হয় কর্পোরেশনের বিল্ডিং বিভাগ থেকে। দুর্ভাগ্যবশত আমি ইঞ্জিনিয়ারিং পড়িনি। প্ল্যান আমার কাছে আসার কথা নয়। তারাতলার এই গুদামের প্লানের বিষয়ে আমার কোনও আইডিয়াই নেই।’’ তিনি বলেন, ‘‘মিউনিসিপ্যাল বিল্ডিং কমিটির বৈঠকে ঠিক হয়ে কমিশনার হয়ে আমার কাছে আসে অনুমোদনের জন্য। ওটা শুধুই আনুষ্ঠানিকতা। মিউনিসিপ্যাল বিল্ডিং কমিটিতে টেকনিক্যাল লোকেরা থাকেন। আমার ওখানে কোনও এক্তিয়ার নেই।"
কলকাতা কর্পোরেশনের বিল্ডিং বিভাগের ডিজি উজ্জ্বল সরকারের বিরুদ্ধেও একাধিক অভিযোগ রয়েছে। কলকাতা বেআইনি বাড়ি নির্মাণের চক্রে মদত দেওয়া তার অন্যতম। ‘টক টু মেয়র’ অনুষ্ঠানে একাধিক বেআইনি বাড়ি নির্মাণের অভিযোগ এলেও তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি।তবে একাধিকবার মেয়রের ভর্ৎসনার স্বীকার হতে হয়েছে এই আধিকারিককে। তবে কলকাতা কর্পোরেশনে চালু কথা হলো, এই ভর্ৎসনা আসলে সবটাই গিমিক, লোক দেখানো।
তারাতলায় ভেঙে পড়া গুদামের নকশা ত্রুটিপূর্ণ একথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তিনি বৃহস্পতিবার বিধানসভায় নথি দেখিয়ে বলেছেন যে ত্রুটিপূর্ণ নকশায় ছাড়পত্র দিয়েছিলেন ফিরহাদ হাকিম নিজেই। সেই নথিতে বলছে মিউনিসিপ্যাল বিল্ডিং কমিটির প্রস্তাবে দেখা যাচ্ছে নকশায় কোনও রকম বিধিভঙ্গ করা হয়নি। তারপরই অনুমোদনের জন্য মেয়রের কাছে আসে। ফিরহাদ নিজেই সই করে বিষয়টিতে ছাড়পত্র দিয়েছিলেন।
KMC taratala incident
হাজতে কালীচরণ, প্রশ্নের মুখে ফিরহাদ
×
Comments :0