বিজেপি শাসিত রাজ্য রাজস্থানে কাজ করতে গিয়ে অ্যাসিড ছুঁড়ে মালদহের এক পরিযায়ী শ্রমিককে খুন করার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজস্থানের জয়পুর এলাকার একটি ঝোপের মধ্যে থেকে বস্তাবন্দি অবস্থায় মালদহের হরিশ্চন্দ্রপুরের ওই পরিযায়ী শ্রমিকের মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
খুনের কথা জানতে পেরে শোকে পাথর মৃত পরিযায়ী শ্রমিকের পরিবারের লোকজন। ঘটনায় মৃত শ্রমিকের অসহায় পরিবারের পাশে দাঁড়িয়ে ঘটনার নিন্দায় সরব মালদহের হরিশ্চন্দ্রপুরের সিপিআই(এম) প্রার্থী সেখ খলিল। জানা গেছে, মৃত পরিযায়ী শ্রমিকের নাম সেখ সাহান(৩৫)। বাড়ি হরিশ্চন্দ্রপুর-১নং ব্লকের ভিঙ্গোল গ্রাম পঞ্চায়েতের খোকড়া গ্রামে। পরিবার সূত্রে খবর, সেখ সাহান গত পাঁচ বছর ধরে রাজস্থানের জয়পুরে পরিযায়ী শ্রমিক হিসেবে প্লাস্টিক কুড়ানোর কাজ করতেন। গত দেড় মাস আগেই বাড়ি এসেছিলেন। দিন কয়েক থেকে ফের জয়পুরে ফিরে যান। সম্প্রতি ভোট দিতে তার বাড়ি আসার কথা ছিল। সেই কারণে গত বুধবার জয়পুরের বাসা থেকে ট্রেনের টিকিট কাটার উদ্দেশ্যে বের হন। এরপর বৃহস্পতিবার বিকালে বাসা থেকে এক কিলোমিটার দূরে তার রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হয় বলে পরিবারের অভিযোগ।
ঘটনায় কান্নায় ভেঙে পড়েন পরিবারবর্গ। জোর চাঞ্চল্য তৈরি হয় এলাকায়। ঘটনার খবর পেয়ে মৃত পরিযায়ী শ্রমিকের অসহায় পরিবারের পাশে গিয়ে দাঁড়ান হরিশ্চন্দ্রপুরের সিপিআই(এম) প্রার্থী সেখ খলিল। তিনি মৃত পরিযায়ী শ্রমিকের দেহ জয়পুর থেকে নিয়ে আসার জন্য প্রয়োজনীয় সাহায্য সহযোগিতা করার আশ্বাস দেন। একই সঙ্গে গোটা ঘটনার নিন্দায় সরব হন তিনি।
Comments :0