TMC

তৃণমূলের চারটি অ্যাকাউন্ট চালুর আবেদন খারিজ করলো সুপ্রিম কোর্ট

জাতীয়

তৃণমূল কংগ্রেসের মমতা ব্যানার্জির নেতৃত্বাধীন গোষ্ঠীর চারটি ফ্রিজড ব্যাঙ্ক অ্যাকাউন্ট পরিচালনার অনুমতি চেয়ে করা আবেদন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার বিচারপতি এম এম সুন্দরেশ এবং বিচারপতি পি বি বরালের বেঞ্চ জানিয়ে দেয়, এই বিষয়ে কলকাতা হাইকোর্টের দেওয়া নির্দেশে হস্তক্ষেপ করতে তারা আগ্রহী নয়।
সুপ্রিম কোর্টের বেঞ্চ জানায়, নির্বাচন কমিশন দলের প্রতীক ‘ফ্রিজ’ করে রেখেছে। ফলে সংশ্লিষ্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলিতে থাকা অর্থের উপর কার অধিকার রয়েছে, সেই বৃহত্তর প্রশ্নটি এখনও বিচারাধীন। এই পরিস্থিতিতে মামলার মূল বিষয়বস্তু নিয়ে সুপ্রিম কোর্ট কোনও সিদ্ধান্তে যেতে চায়নি।
বেঞ্চের বক্তব্য, তারা মামলার মেরিটে যাচ্ছে না। সংবিধানের ১৩৬ নম্বর অনুচ্ছেদের অধীনে তাদের এখতিয়ার প্রয়োগ করতে তারা আগ্রহী নয়। একইসঙ্গে কলকাতা হাইকোর্টকে মামলাটির শুনানি দ্রুত শেষ করার জন্য অনুরোধ জানিয়েছে শীর্ষ আদালত।
এর আগে গত ২৭ আগস্ট কলকাতা হাইকোর্টও মমতা ব্যানার্জির নেতৃত্বাধীন তৃণমূল গোষ্ঠীর আবেদন মঞ্জুর করেনি। প্রায় ৮০৪ কোটি টাকা থাকা চারটি ডেবিট-ফ্রিজড ব্যাঙ্ক অ্যাকাউন্ট পরিচালনার জন্য অন্তর্বর্তী অনুমতি চেয়েছিল তৃণমূল। সেই আবেদন খারিজ করে হাইকোর্ট পর্যবেক্ষণ করেছিল, এই ধরনের অন্তর্বর্তী স্বস্তি দেওয়া হলে দলের দৈনন্দিন খরচ চালানোর অনুমতি দিয়ে আদালতের আগের নির্দেশের উদ্দেশ্যই ব্যাহত হতে পারে।
তৃণমূলের তরফে দাবি করা হয়েছিল, রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের ওই চারটি অ্যাকাউন্ট পশ্চিমবঙ্গ পুলিশ ডেবিট-ফ্রিজ করেছে। অ্যাকাউন্টগুলি ফ্রিজ করার সঙ্গে সম্পর্কিত এফআইআর গুলিতে বিভিন্ন ধরনের ত্রুটি রয়েছে বলেও আদালতে দাবি করা হয়।
তবে সুপ্রিম কোর্ট বৃহস্পতিবার হাইকোর্টের সিদ্ধান্তে হস্তক্ষেপ না করে মামলাটি দ্রুত নিষ্পত্তির জন্য কলকাতা হাইকোর্টকে নির্দেশ দিয়েছে। ফলে প্রায় ৮০৪ কোটি টাকা থাকা ওই চারটি ব্যাঙ্ক অ্যাকাউন্টের পরিচালনা নিয়ে আইনি জটিলতা আপাতত বহাল রইলো।

Comments :0

Login to leave a comment