India Monsoon

বৃষ্টিপাতে ১৩% ঘাটতি রেখে বিদায় মৌসুমী বায়ুর, আশঙ্কা খরার

জাতীয়

ভারত থেকে মৌসুমী বায়ু প্রায় ১৩ শতাংশ বৃষ্টিপাতের ঘাটতি রেখে বিদায় নিয়েছে। অপর্যাপ্ত বৃষ্টিপাত, দীর্ঘ সময় ধরে চলা শুষ্ক আবহাওয়ার ফলে কৃষিকাজের উপর প্রভাব পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। 
এখনই মহারাষ্ট্রের অবস্থা খুবই সংকটজনক। মহারাষ্ট্র সরকার ঘোষণা করেছে ৩৫৮টি মহকুমার মধ্যে ২৬৫টি মহকুমায় খরা পরিস্থিতি রয়েছে। খরা কবলিত মহারাষ্ট্রে দীর্ঘসময় ধরে চলা শুষ্ক আবহাওয়ার কারণে খরিফ ফসলের ক্ষতি হয়েছে। দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর জেরে বৃষ্টিপাতের সময় খরিফ ফসল বোনা হয়। কিন্তু রবি ফসল বোনা হয় মাটির আর্দ্রতা কাজে লাগিয়ে। সেচ ব্যবস্থা ও ভূ-গর্ভস্থ জলের উপর নির্ভরশীলতা থাকে এই চাষের। ফলে পর্যাপ্ত বৃষ্টিপাত জরুরি। ফলে প্রভাব পড়তে পারে গম, ডাল, সর্ষের মতো ফসলে। 
সারা দেশে ঘাটতি গড়ে ১৩ শতাংশ হলেও মধ্য এবং উত্তর-পশ্চিম ভারতে ঘাটতি অনেক বেশি। পাঞ্জাবের মতো রাজ্যেও শস্যহানির আশঙ্কা রয়েছে। 
ভারতের আবহাওয়া দপ্তর জানিয়েছে, অক্টোবর মাসে সারা দেশ জুড়ে স্বাভাবিকের চেয়ে ৮৫ শতাংশরও কম বৃষ্টিপাত হতে পারে। আরও জানিয়েছে, উত্তর-পশ্চিম ভারত, দক্ষিণ ভারতের রাজ্যগুলি এবং পূর্ব ভারতের বেশ কিছু এলাকায় স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে দক্ষিণ ভারতের জেলাগুলি যেমন তামিলনাড়ু , কেরালা, উপকূলীয় অন্ধ্রপ্রদেশ , রায়ালসীমা এবং দক্ষিণ কর্ণাটকের কিছু অঞ্চলে অক্টোবর-ডিসেম্বরে স্বাভাবিক বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে।

Comments :0

Login to leave a comment