"এখানে কোনও সিপিএম চলবে না। রাজ্যে এখন বিজেপির সরকার। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী। কোনও বিরোধিতা করা যাবে না" এমন হুংকার দিয়ে হকার উচ্ছেদের বিরুদ্ধে সিপিআই(এম)'র সভায় অতর্কিত আক্রমণ করল বিজেপি কর্মীরা। বন্ধ করল সিপিআই(এম) কর্মীর দোকান। ঘটনা নন্দীগ্রামের দেবীপুর রতনপুর স্ট্যান্ডে। বুধবার বিকালে সিপিআই(এম) এর ডাকে হকার উচ্ছেদের প্রতিবাদ জানিয়ে মিছিল শেষ করে সভা চলছিল রতনপুর স্ট্যান্ডে। সভা শেষের সময় ১০ থেকে ১৫ জনের একটি দল এসেই 'জয় শ্রীরাম', 'বিজেপি জিন্দাবাদ' স্লোগান দিতে দিতে সভাতে থাকা মাইক্রোফোন সহ ফেস্টুন সিপিআই(এম)'র পতাকা ছিঁড়ে দেয়। বেধড়ক মারধর করা হয় দ্বিজেন্দ্রনাথ সিং, অনুপ পাল, তপন প্রামাণিক, বিপ্লব মান্না সহ কয়েকজন সিপিআই(এম) কর্মীকে। অতর্কিত এই আক্রমণে হতচকিত হয়ে পড়ে সবাই। ঘটনাস্থলে উপস্থিত থাকা পরিতোষ পট্টনায়েক, ভরত মাইতি, মহাদেব ভূঞ্যা সহ নেতৃবৃন্দ আক্রান্ত কর্মীদের বাঁচাতে গেলে তাদেরও ব্যাপক নিগ্রহ করা হয়। নেতৃবৃন্দ জানিয়েছেন বিজেপি কর্মীরা বলতে থাকে "এখন রাজ্যে বিজেপির সরকার। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী। তিনি এখান থেকেই জয়ী হয়েছেন এখানে কোনও সিপিএম চলবে না। সরকারের বিরোধিতা করলেই কপালে জুটবে মার।" এমন মারধরের পর সিপিআই(এম) কর্মী এলাকার গ্রামীণ চিকিৎসক দ্বিজেন্দ্রনাথ সিং এর চেম্বার জোর করে বন্ধ করে দেয় বিজেপি কর্মীরা।
প্রসঙ্গত নির্বাচনের সময় থেকেই এই এলাকায় সিপিআই(এম) কর্মীদের হুমকি-ভয় দিতে থাকে বিজেপির কর্মীরা। সিপিআই(এম)কে ভোট দেওয়া যাবেনা। সিপিআই(এম)'র হয়ে কোনও পোলিং এজেন্ট বসা যাবে না। এমন হুমকি ছিল। তা উপেক্ষা করেই সিপিআই(এম)'র পার্টি সদস্য নিরূপমা মন্ডল নির্বাচনে পোলিং এজেন্ট হন। এটাতে রাগ বিজেপির। রতনপুর স্ট্যান্ডের কাছে একটি চায়ের দোকান রয়েছে নিরুপমা মন্ডলের। ফল ঘোষনার পরেই ওই মহিলাকে দেখে নেওয়া হবে বলে হুমকি দেয় বিজেপি কর্মীরা। সেই মতোই ৪ মে ফল ঘোষণার পর থেকে ওই দোকান হটিয়ে দেওয়ার কথা বলে বিজেপির কর্মীরা। হুমকিতে কাজ না হওয়ায় পঞ্চায়েত অফিসে ডেকে পাঠানো হয় তাকে। এক্ষেত্রেও কোনও কাজ না হওয়ায় রাতের অন্ধকারে ওই দোকান ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। এমন ন্যক্কারজনক ঘটনা সহ রাজ্যজুড়ে পুনর্বাসন ছাড়াই হকার উচ্ছেদের প্রতিবাদ জানিয়ে বুধবার রতনপুর এলাকায় মিছিল ছিল সিপিআই(এম)'র ডাকে। সেই মিছিল শেষ করে সভা চলাকালীনই এমন অতর্কিত আক্রমণ করে বিজেপি। ঘটনায় পর সিপিআই(এম) নেতৃবৃন্দ আক্রান্ত কর্মীদের নিয়ে নন্দীগ্রাম থানায় অভিযোগ দায়ের করেন। এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন সিপিআই(এম) জেলা সম্পাদক নিরঞ্জন সিহি।
cpim nandigram
'এখানে কোনও সিপিএম চলবে না', নন্দীগ্রামে সিপিআই(এম)'র মিছিলের পর আক্রমণ বিজেপির
নন্দীগ্রামের রতনপুরে সিপিআই(এম)'র মিছিল। পরে এই মিছিল শেষে সভায় আক্রমণ হয়। ছবি: রামশঙ্কর চক্রবর্ত্তী।
×
Comments :0