কৈলাস মানস সরোবর যাত্রার জন্য ২১ আগস্ট রওনা হয়েছিলেন অমরনাথ পাল। নেপাল থেকে তিব্বত সীমান্তে ইমিগ্রেশন করে যাওয়ার কথা ছিল চীনে। ঠিক তার আগেই হড়পা বানে নিখোঁজ তিনি।
বসিরহাট পৌরসভার শিক্ষক দম্পতি স্বপন মণ্ডল ও মৌ মণ্ডলের খোঁজও বৃহস্পতিবার দুপুর পর্যন্ত জানতে পারেননি পরিজনরা। এই দম্পতিও গিয়েছিলেন নেপালে।
পুরুলিয়া শহরের কুকস কম্পাউন্ডের বাসিন্দা দম্পতি মৌসুমী ও অরিন্দম গাঙ্গুলিও নেপালের হড়পা বানে নিখোঁজ।
কলকাতায় গড়িয়া পাটুলি এলাকার বাসিন্দা অমরনাথ পাল পর্যটকদের একটি দলের সঙ্গে গিয়েছিলেন নেপালে। মোট ৩২ জন ছিলেন টিমে।
অমরনাথ পালের কন্যা রূপমা পাল ‘গণশক্তি’ ডিজিটালকে বলেছেন, ‘‘নেপালে ভারতীয় দূতাবাসে যোগাযোগ করা হয়েছে। জানানো হয়েছে কলকাতা পুলিশকেও। কিন্তু কোনও খোঁজ মেলেনি।’’
রূপমা জানিয়েছেন, ট্যুর অ্যান্ড ট্রাভেলস সংস্থা ২০ জনের খোঁজ পেয়েছে। সেই তালিকায় অমরনাথ পাল নেই।
এই পর্যটকরা বুধবার সকালে ছিলেন নেপাল-তিব্বত সীমান্তে রসুয়াগঢি এলাকায়। চীনের অভিবাসন বিভাগের থেকে কাগজপত্র করে সেদিনই তিব্বতে যাওয়ার কথা ছিল। কিন্তু সকালেই নামে হড়পা বান।
নেপালে ভারতীয় দূতাবাস হেল্পলাইন চালু করেছে। অন্তত ৩০০ ভারতীয় নিখোঁজ রয়েছেন ভয়াবহ হড়পা বানে।
এদিকে পুরুলিয়ার দম্পতি মৌসুমী ও অরিন্দম গাঙ্গুলির একমাত্র কন্যা থাকেন বেঙ্গালুরুতে। এই দম্পতিও গত ২১ আগস্ট দুর্গাপুর থেকে নেপালে বেড়াতে গিয়েছিলেন। কিন্তু বিপর্যয়ের পর থেকেই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে পরিবারের সদস্যদের সঙ্গে। মোবাইল ফোন বন্ধ। নেপালে ভারতীয় দূতাবাসে যোগাযোগ করেও খোঁজ মেলেনি তাদের । তাই উদ্বিগ্ন গোটা পরিবার থেকে প্রতিবেশী সকলেই।
একই অবস্থা বসিরহাটের শিক্ষক দম্পতির। নেপালে গিয়েছিলেন অবসরপ্রাপ্ত শিক্ষক বসিরহাট পৌরসভা ১০ নম্বর ওয়ার্ডের বাসিন্দা স্বপন মণ্ডল ও তাঁর স্ত্রী মৌ মণ্ডল। স্বপন মণ্ডল বসিরহাট টাউন হাইস্কুলের শিক্ষক ছিলেন। তাঁর স্ত্রী মৌ মণ্ডল শিক্ষকতা করতেন নৈহাটি নবীনচন্দ্র হাইস্কুলে।
গভীর উৎকণ্ঠায় আত্মীয় পরিজন ও পাড়া প্রতিবেশীরা।
কাঠমাণ্ডুতে ভারতীয় দূতাবাসে হেল্পলাইন নম্বর; +977 985 131 6807 এবং +977 970 910 7500।
কলকাতা পুলিশের হেল্পলাইন: 18003455678 এবং হোয়াটস অ্যাপ নম্বর 9874902880।
পশ্চিমবঙ্গ পুলিশের হেল্পলাইন নম্বর: 033-24793311 এবং
9147890181।
ভবানী ভবনে কন্ট্রোল রুম নম্বর: 033 2479 4044/ 9147890146। (লিঙ্ক: https://www.facebook.com/kolkatapoliceforce)
Nepal Flood Missing in West Bengal
কৈলাসের পথে নিখোঁজ কলকাতার অমরনাথ, তালিকায় পুরুলিয়া, বসিরহাটের দুই দম্পতি
(বাঁদিকে) অমরনাথ পাল। (ডানে) মৌসুমী গাঙ্গুলি ও অরিন্দম গাঙ্গুলি।
×
Comments :0