Weather

মহানগরে বারান্দা ভেঙে মৃত ১,নিম্নচাপে জেরে অঝোরে বৃষ্টি, ভাসলো দক্ষিণবঙ্গ

রাজ্য কলকাতা

 শ্রাবণ শেষের ধারায় ভাসলো কলকাতা। নিম্নচাপ আর সক্রিয় বর্ষার যুগলবন্দিতে রবিবার রাত থেকেই শুরু বৃষ্টি চলল সোমবারও। এরই জেরে এদিন সকাল থেকে ভাসলো কলকাতা ও শহরতলি। প্রথমে ঝিরঝিরে বৃষ্টি হলেও বেলা যত গড়িয়েছে, ততই বেড়েছে বৃষ্টির দাপট। কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়ে জারি হয়েছে ভারী বৃষ্টির লাল সতর্কতা। একটানা বৃষ্টির জেরে দক্ষিণ কলকাতার গলফ গ্রিনে দোতলার বাড়ির বারান্দা ভেঙে পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মৃতের নাম সমীর সেন (৫৭)। কর্পোরেশনের ৯৪ নম্বর ওয়ার্ডের দক্ষিণ রাসা রোডে এই দুর্ঘটনাটি ঘটেছে।
বিক্ষিপ্তভাবে দু’-একদিন বাদ দিলে গত সপ্তাহ থেকেই বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ। নতুন সপ্তাহে সেই বিপর্যয় আরও বাড়বে বলেই এদিন পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া দপ্তর। কলকাতাকে প্রায় ছুঁয়ে ফেলেছে অতি গভীর নিম্নচাপ। যার জেরে শহর তো বটেই, দক্ষিণবঙ্গ জুড়ে অতি বৃষ্টির লাল সতর্কতা জারি হয়েছে। উপকূল ও পশ্চিমের জেলায় প্রতি বৃষ্টির সতর্কতা। মঙ্গলবার পর্যন্ত ভারী বৃষ্টি হওয়ার কথা দক্ষিণবঙ্গে। সারা দিন বৃষ্টির জেরে এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ১.৫ ডিগ্রি কমে হয়েছে ২৫ ডিগ্রি সেলসিয়াস। 
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের সুস্পষ্ট নিম্নচাপ শক্তি বাড়িয়ে সোমবার ভোরে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। কলকাতার একেবারে কাছে তা অবস্থান করছে। এর প্রভাব পড়ছে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর ওডিশা ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গ উপকূল। গভীর নিম্নচাপটি দক্ষিণ দিকে ঝুঁকে রয়েছে। ক্রমশ তা উত্তর-পশ্চিম দিকে ঝাড়খণ্ডের পথে এগোবে। এই সময়ে উত্তর বঙ্গোপসাগর উত্তাল থাকবে। উপকূলবর্তী অঞ্চলে ৪৫ থেকে ৫৫ কিলোমিটার পর্যন্ত গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। গভীর নিম্নচাপের জেরে  মঙ্গলবার পর্যন্ত পশ্চিমবঙ্গ এবং ওডিশার উপকূলে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। 
দক্ষিণবঙ্গে সোমবার থেকেই বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা বেড়েছে। দুর্যোগের আশঙ্কা বেশি উপকূল ও পশ্চিমের জেলাগুলিতে। পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং ঝাড়গ্রাম – তিন জেলার কিছু এলাকায় বৃষ্টির লাল সর্তকতা জারি হয়েছে। বৃষ্টি হতে পারে ২০০ মিলিমিটার বা তার বেশি। দুর্যোগের আশঙ্কা বেশি উপকূল ও পশ্চিমের জেলাগুলিতে। সেই সঙ্গে সাত জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কতা। পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, হুগলী, হাওড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং পুরুলিয়াতে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি হয়েছে। 
বৃষ্টি হতে পারে ১১০ মিলিমিটার থেকে ২০০ মিলিমিটার পর্যন্ত। সেই সঙ্গে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির হলুদ সর্তকতা জারি হয়েছে। বৃষ্টি হতে পারে ৭০ থেকে ১১০ মিলিমিটার পর্যন্ত। মঙ্গলবার ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে ছয় জেলায়। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম এবং পশ্চিম বর্ধমান জেলাতে ভারী বৃষ্টির হলুদ সর্তকতা বৃষ্টি হতে পারে। কলকাতা ও বাকি সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝড়ের হলুদ সর্তকতা।
উত্তরবঙ্গেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে পার্বত্য জেলাগুলিতে। মঙ্গলবার পর্যন্ত  উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টির হলুদ সতর্কতা। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা উপরের পাঁচ জেলায়। ভারী বৃষ্টির হলুদ সতর্কতা ওপরের কয়েক জেলায় থাকবে। সোমবার ও মঙ্গলবার বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে। সোমবার কালিম্পঙ এবং জলপাইগুড়ি জেলায় ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি ছিল। মঙ্গলবার বৃষ্টির পরিমাণ আরও একটু বাড়বে। 
 

Comments :0

Login to leave a comment