কবিতা | রোদের বর্ণবোধ
স্বপন পাল
মুক্তধারা | বর্ষ ৪ | ১৯ জুন ২০২৬
দামাল খোকা দুষ্টু খুকু শোনাই কথা রোদের
দিনটি ছিল 'উনিশে মে' রক্ত ঋন শোধের
একটি ভাষা দুটি দেশে কথায়-কাব্য-গানে
ভাষা মায়ের মান রক্ষায় আগুন জ্বালে প্রাণে।
বাংলা আমার প্রাণের ভাষা লাঞ্ছনা তার নয়'
ভাষার জন্য মানুষ পথে জয় করে সব ভয়।
উনিশ শত একষট্টি সাল 'উনিশ মে' মাস
ভাষার জন্য জীবন দানের উজ্জ্বল ইতিহাস।
আসাম প্রদেশ বরাক ভূমি জাগে তারস্বরে
বাংলা ভাষার মর্যাদা চাই' আওয়াজ ঘরে ঘরে
রাষ্ট্র নামায় দমন পীড়ন চলল গুলি লাঠি
এগারোটি ঝরল যে ফুল রক্তে ভেজে মাটি।
এক কিশোরী দুঃসাহসী বুক চিতিয়ে দাঁড়ায়
'কমলা' নাম ঘর ফেরেনি গুলিতে প্রাণ হারায়
বিশ্বে প্রথম নারী শহীদ বাংলা ভাষার টানে
'ভট্টাচার্য্য কমলা' সে ইতিহাস আজ মানে।
ভাষার মিছিল অকুতোভয় মানেনিতো হার
'বীরেন' 'কানাই' 'চণ্ডীচরণ' 'সুনীল' 'সুকুমার'
'তারিণী' 'কুমুদ, ছিল 'হিতেশ' 'শচীন্দ্রনাথ পাল
সাথী ছিল 'সত্যেন্দ্র' রক্তে পথ হয় লাল ।
একুশ' আমার ফাগুন ফাগ 'উনিশ' আগুনপাখি
একই রঙে আমরা 'রোদের বর্ণবোধ' আঁকি......।
বাংলা ভাষা হয়না নত তুমুল ঝঞ্জা,-ঝড়ে
রমনার মাঠে জাগে 'একুশ' 'উনিশ' শিলচরে !
Comments :0