Pashchimbanga Adivasi Adhikar Mancha

রুখতে হবে উচ্ছেদ, দিতে হবে পাট্টা, দাবি জোরালো আদিবাসী অধিকার মঞ্চের দুই সম্মেলনে

জেলা

পশ্চিমবঙ্গ আদিবাসী অধিকার মঞ্চের পতাকা উত্তোলন করে কুলটি জোনাল কমিটির সম্মেলনের সূচনা হচ্ছে।

কয়লাখনির নামে অবৈধভাবে আদিবাসীদের উচ্ছেদ করা চলবে না। ভূমিহীনদের জন্য পাট্টা দিতে হবে। এসআইআর’র নামে আদিবাসী সহ কোনও অংশকে অন্যায়ভাবে বাদ দেওয়া চলবে না।
পশ্চিমবঙ্গ আদিবাসী অধিকার মঞ্চের রানিগঞ্জ ও কুলটি জোনাল সম্মেলনে জোরালো হয়েছে এই দাবি। 
জল-জমি-জঙ্গলের অধিকার রক্ষার লক্ষ্যে রানিগঞ্জে পশ্চিমবঙ্গ আদিবাসী অধিকার মঞ্চ রানিগঞ্জ জোনাল কমিটির ৫ম সম্মেলন হয় রবিবার। তিরাট কমিউনিটি হলে এই সম্মেলনের উদ্বোধন করেন সংগঠনের জেলা সম্পাদক বিনয় হাঁসদা। আড়াইশো জন আদিবাসী প্রতিনিধি উপস্থিত ছিলেন। সম্মেলন থেকে সঞ্জয় হেমব্রমকে সম্পাদক ও দীনেশ মুর্মুকে সভাপতি করে ২১ জনের কমিটি গঠন হয়।
এদিনই পশ্চিমবঙ্গ আদিবাসী অধিকার মঞ্চ দিসেরগড় ছোটদিঘারি এলাকায় কুলটি জোনাল কমিটির সম্মেলন হয়। বসন ধাওড়ায় এই সম্মেলনে শতাধিক আদিবাসী মানুষ উপস্থিত থেকে আদিবাসীদের অধিকার রক্ষার দাবিতে সোচ্চার হন। লক্ষীরাম হেমব্রমকে সম্পাদক ও দুগাই টুডুকে সভাপতি করে ৩১ জনের কমিটির গঠন হয়।
নেতৃবৃন্দ বলেন, সরকারি নীতির কারণেই দেশের আদিবাসীরা আজ নিপীড়িত। প্রাকৃতিক সম্পদ লুট করতে গিয়ে তাঁদের উচ্ছেদ করা হচ্ছে। দেশের উচ্ছেদ হওয়া ১০ কোটি মানুষের মধ্যে ৮০ শতাংশ মূলত আদিবাসী। এসআইআর-এর নামে ব্যপক অংশের আদিবাসীদের নাম বাদ দেওয়া হচ্ছে। আদিবাসীদের ঐক্যবদ্ধ হয়ে লড়াইয়ের আহ্বান জানিয়ে সম্মেলন শেষ হয়।

Comments :0

Login to leave a comment