RB'sI Second Branch Office in Bengal Demanded

রাজ্যে রিজার্ভ ব্যাংকের দ্বিতীয় অফিস খোলার দাবি কর্মীদের

রাজ্য কলকাতা

আরও সুষ্ঠু অর্থনৈতিক ব্যবস্থাপনার লক্ষ্যে শিল্প ও বাণিজ্যর দিক থেকে গুরুত্বপূর্ণ শহরগুলিতে  রিজার্ভ ব্যাংকের শাখা স্থাপনের দাবি গত তিন দশকেরও বেশি সময় ধরে জানিয়ে আসছে অল ইন্ডিয়া রিজার্ভ ব্যাংক এমপ্লয়ীজ এসোসিয়েশন। ফলস্বরূপ যে যে রাজ্যের রাজধানী শহরে রিজার্ভ ব্যাংকের আঞ্চলিক বা শাখা অফিস ছিল না সে সে রাজ্যের রাজধানী শহরে রিজার্ভ ব্যাংকের অফিস খুলেছে কয়েক বছর আগে। যেমন আগরতলা, শীলং, আইজল,গ্যাংটক, রাঁচি, দেরাদুন, রায়পুর,প্রভৃতি। এছাড়াও, বেশ কয়েকটি রাজ্যে দ্বিতীয় অফিস আছে যেমন কেরালা, মহারাষ্ট্র, উত্তর প্রদেশ প্রভৃতি।শিল্প শহর দুর্গাপুরে রাজ্যে রিজার্ভ ব্যাংকের দ্বিতীয় অফিস খোলার সিদ্ধান্ত হয়েছিল গত শতাব্দীর ৮০দশকের শুরুতেই। রাজ্যের তদানীন্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু ও রিজার্ভ ব্যাংকের তদানীন্তন গভর্নর ড. মনমোহন সিং এর মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। এবং সেই চুক্তি অনুযায়ী তদানীন্তন রাজ্য সরকার প্রয়োজনীয় জমি (প্রায় ১৮একর) স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেডের কাছ থেকে সংগ্রহ করে দিলেও অফিস খোলার ব্যাপারে রিজার্ভ ব্যাংকের সর্বোচ্চ কর্তৃপক্ষ প্রায় তিন দশক টালবাহানা করে পরিশেষে সিদ্ধান্ত রূপায়ণ থেকে চূড়ান্তভাবে পিছিয়ে যায়।  এইভাবেই রাজ্য রিজার্ভ ব্যাংকের প্রয়োজনীয় দ্বিতীয় অফিস থেকে বঞ্চিত হয়। এই পরিপ্রেক্ষিতে উত্তরবঙ্গের শিলিগুড়িতে দ্বিতীয় অফিস খোলার দাবি আজ থেকে দুই দশক আগেই সংগঠনের পক্ষ থেকে তোলা হয়।কারণ জায়গাটি বাণিজ্য কেন্দ্র হিসেবে গুরুত্বপূর্ণ। কিন্তু তাও অবহেলিত হয়। এই দাবিতে পুনরায় সোচ্চার হয়েছে অল ইন্ডিয়া রিজার্ভ ব্যাংক এমপ্লয়ীজ এসোসিয়েশন। গত ১৩ ও ১৪ আগস্ট কলকাতায় অনুষ্ঠিত সংগঠনের কেন্দ্রীয় কর্যনির্বাহী কমিটির সভা থেকে পুনরায় গৃহীত এই দাবি রিজার্ভ ব্যাংকের সর্বোচ্চ কর্তৃপক্ষকে জানানো হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট সকলের গোচরে এনেছেন সংগঠনের সাধারণ সম্পাদক সমীর ঘোষ। এই সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে আলোচনা করেন অর্থনীতিবিদ শুভনীল চৌধুরি, অল ইন্ডিয়া ব্যাংক অফিসার্স কনফাডারেশনের প্রাক্তন সাধারণ সম্পাদক সৌম্য দত্ত ও ব্যাংক এমপ্লয়ীজ ফেডারেশন অফ ইন্ডিয়ার সাধারণ সম্পাদক দেবাশিস বসু চৌধুরি।

Comments :0

Login to leave a comment