পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ায় যাদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে, তাদের রেশন কার্ডের সুবিধাভোগীর তালিকা থেকেও বাদ দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এই অভিযোগের ভিত্তিতে দায়ের হওয়া একটি আবেদনের শুনানিতে মঙ্গলবার আবেদনকারীকে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হওয়ার পরামর্শ দিল সুপ্রিম কোর্ট।
বিচারপতি বি ভি নাগারত্না এবং বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চের সামনে জরুরি ভিত্তিতে মামলাটি তালিকাভুক্ত করার আবেদন করা হয়। আবেদনকারীর আইনজীবী আদালতে দাবি করেন, এসআইআর প্রক্রিয়ায় যাদের নাম বাদ পড়েছে, তাদের রেশন তালিকা থেকেও বাদ দেওয়ার চেষ্টা চলছে। এর ফলে বহু প্রকৃত সুবিধাভোগী খাদ্য নিরাপত্তা প্রকল্পের সুবিধা হারানোর আশঙ্কার মুখে পড়েছেন।
আইনজীবী বলেন, ‘এসআইআরে বাদ পড়া ব্যাক্তিদের রেশন তালিকা থেকেও বাদ দেওয়া হচ্ছে। এতে বহু মানুষের সমস্যা তৈরি হয়েছে এবং অনেক সুবিধাভোগী তাদের অধিকার হারানোর ঝুঁকিতে রয়েছেন।’
এর জবাবে বিচারপতি নাগারত্না জানতে চান, কেন আবেদনকারী প্রথমে কলকাতা হাইকোর্টে যাননি। বেঞ্চ পর্যবেক্ষণ করে জানায়, কলকাতা হাইকোর্ট কার্যকরভাবে কাজ করছে এবং এই বিষয়ে সেখানে আবেদন করা যেতে পারে।
আইনজীবী যুক্তি দেন যে, এসআইআর সংক্রান্ত প্রক্রিয়াকে ইতিমধ্যেই সুপ্রিম কোর্ট বৈধতা দিয়েছে। তবে বেঞ্চ স্পষ্ট জানিয়ে দেয়, রেশন কার্ড সংক্রান্ত বিষয়টি একটি পৃথক আইনি কারণ এবং সেই কারণে হাই কোর্টে যাওয়াই উপযুক্ত হবে।
উল্লেখ্য, গত ৪ জুন পশ্চিমবঙ্গের খাদ্য ও সরবরাহ দফতর রাজ্যজুড়ে একটি যাচাইকরণ অভিযান চালানোর নির্দেশ দেয়। ওই নির্দেশ অনুযায়ী, ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় অযোগ্য বা বাদ পড়া ব্যক্তিদের চিহ্নিত করে গণবণ্টন ব্যবস্থার (PDS) সুবিধাভোগী তালিকা থেকে অপসারণের উদ্যোগ নেওয়া হয়।
সরকারি নির্দেশিকায় বলা হয়েছিল, এসআইআর প্রক্রিয়া সম্পন্ন হওয়া এবং চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর খাদ্য দফতর অযোগ্য সুবিধাভোগীদের শনাক্ত ও অপসারণের কাজ শুরু করবে। ১৫ জুনের মধ্যে এই প্রক্রিয়া শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল।
খাদ্য ও সরবরাহ দফতর স্পষ্ট জানিয়েছে, যারা এসআইআর ট্রাইব্যুনালে আপিল করেছেন বা নাগরিকত্ব সংশোধনী আইন (CAA)-এর অধীনে আবেদন জমা দিয়েছেন, তাদের আবেদন বা আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত রেশন কার্ডের ডেটাবেসে সক্রিয় সুবিধাভোগী হিসেবেই রাখা হবে।
Supreme Court
ভোটার তালিকা সংশোধনে বাদ পড়াদের রেশন তালিকা থেকে বাদ দেওয়ার অভিযোগ, কলকাতা হাই কোর্টে যাওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের
×
Comments :0