MD SALIM

জালিয়াতি না ধরে গরিব মুসলিমদের সংরক্ষণই বাতিল করল রাজ্য: ক্ষোভ সেলিমের

রাজ্য জেলা

তৃণমূলের সময়ে ওবিসি সার্টিফিকেট দেওয়ার ক্ষেত্রে টাকা পয়সা নিয়ে জালিয়াতি হয়েছে। এসসি বা এসটি সার্টিফিকেটের ক্ষেত্রেও এমন জালিয়াতি আছে। কিন্তু রাজ্যের বিজেপি সরকার জালিয়াতদের না ধরে আর্থিক ও সামাজিক ভাবে পিছিয়ে থাকা গরিব মুসলমানদের সংরক্ষণকেই বাতিল করল।
সোমবার বিধানসভায় ওবিসি সংশোধনী বিল পাশ প্রসঙ্গে এই মত জানিয়েছেন সিপিআই(এম) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। 
এদিন বীরভূমের নানুরে সিপিআই(এম)’র ডাকে সমাবেশে যান তিনি। সেখানেই সংবাদমাধ্যমের প্রশ্নে ওবিসি বিল সম্পর্কে বিশদ বক্তব্য জানিয়েছেন। তিনি বলেন যে আসলে মনুবাদী আরএসএস অন্য অনগ্রসর অংশ বা ওবিসি সংরক্ষণের বিরোধী। এই অংশের মধ্যে থাকা মুসলিমদের ক্ষেত্রে বিরোধিতা আরও তীব্র। 
সেলিমের বক্তব্য, পূর্বতন তৃণমূলও আরএসএস-র অবস্থান অনুযায়ী চলেছে। আর বিজেপি সরকারের বিল পাশ করানোও আরএসএস’র সিদ্ধান্ত অনুযায়ী।
সেলিম বলেন, বামফ্রন্ট সরকারের সময়ে রঙ্গনাথ মিশ্র কমিশনের রিপোর্ট অনুযায়ী ওবিসি ‘এ’ এবং ‘বি’ মিলিয়ে ১৭ শতাংশ সংরক্ষণ করা হয়েছিল। সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি রঙ্গনাথ মিশ্র। এখানে অনগ্রসর অংশ বিষয়ক কমিশন হিসেব করে ৭ এবং ১০ শতাংশ করে মোট ১৭ শতাংশ সংরক্ষণ করে ‘এ’ এবং ‘বি’ বিভাগে। কিন্তু মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী পদে আসীন হয়ে বললেন যে আগেরটা ঠিক ছিল না। তিনি ভালো ব্যবস্থা করবেন। সেলিম বলেন, আসলে মমতা ব্যানার্জি ভাঁওতা দিয়েছিলেন। বিশেষত মুসলমান ওবিসি যাঁরা আছেন, নস্য শেখ গোষ্ঠীর যাঁরা আছেন, বা শেরসাবাদী যাঁরা আছেন, তাদেরকে তিনি ধোঁকা দিয়েছেন। হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট বলল শোধরাতে হবে। কিন্তু বিগত তৃণমূল সরকার ওবিসি সংরক্ষণে পরিবর্তন করল না।


সেলিম বলেন, মমতা ব্যানার্জির অবস্থানের কারণ হলো যে আরএসএস চায় না অন্য অনগ্রসর অংশ বা ওবিসি-দের সংরক্ষণ থাকুক। অতীতে যখন মণ্ডল কমিশনের সুপারিশ গৃহীত হয়েছিল এই সংরক্ষণ চালু করার ক্ষেত্রে, তখনও এরা রাস্তায় নেমেছিল তৎকালীন প্রধানমন্ত্রী ভি পি সিংয়ের বিরুদ্ধে। 
সেলিম বলেন, আমরা জানি আরএসএস উচ্চবর্ণের মনুবাদী। তারা কখনই ওবিসি’র পক্ষে না। আর পিছিয়ে পড়া মুসলমানদের জন্য তো একদমই নয়। সেই জন্য আজকে তারা আইন করে ব্যাকওয়ার্ড ক্লাস কমিশন আইন পালটে যে ১০ শতাংশ ওবিসি সংরক্ষণ, সেটাকে শেষ করেছে। কিন্তু এইভাবে শেষ হয় না। আমরা আদালতে গিয়েছিলাম। আদালত খারিজ করেনি। 
সেলিম বলেন, মমতা ব্যানার্জি এবং তাঁর দল তৃণমূলের লোকজন এসসি, এসটি, ওবিসি শংসাপত্রের ক্ষেত্রে বেনিয়ম করেছিল। টাকা-পয়সা নিয়ে অনেক ভেজাল অনেক নকল সার্টিফিকেট দিয়েছিল। সার্টিফিকেট যারা নকল দিয়েছে, যে আধিকারিকরা জড়িত, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। যাদের নকল সার্টিফিকেট আছে সেগুলো ফেরত নেওয়া উচিত। তার বদলে এই সরকার সংরক্ষণ বাতিল করে দিল। এটা হতে পারে না। সেলিম বলেন, এসটি সার্টিফিকেটেও নকলের বহু অভিযোগ রয়েছে। এসসি’র ক্ষেত্রেও আছে। জালিয়াতি সব জায়গায় হয়েছে। যেমন আবাস দুর্নীতিতে হয়েছে, ১০০ দিনের কাজের ক্ষেত্রে হয়েছে। 
সেলিম বলেন, আমরা বলছি জালিয়াতি ধরো। কিন্তু বিজেপি জালিয়াতদের না ধরে আর্থিক ও সামাজিকভাবে পিছিয়ে থাকা গরিব মুসলমানদের সংরক্ষণই বন্ধ করেছে। দিচ্ছে।

Comments :0

Login to leave a comment