বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক মহিলা চিকিৎসককে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত এইমসের চিকিৎসক দীপক গুপ্তার মামলায় অতিরিক্ত চার্জশিট পেশ করল পুলিশ। এই চার্জশিটে দীপকের ভাই মনমোহন গুপ্তার নামও যুক্ত করা হয়েছে। অভিযোগ, সত্তর বছরের মনমোহন নির্যাতিতার বাবাকে ফোন করে হুমকি দিয়েছিলেন।
আদালতে পেশ করা চার্জশিট অনুযায়ী, মনমোহন গুপ্তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৫০৬ ধারায় (অপরাধমূলক ভীতি প্রদর্শন) অভিযোগ আনা হয়েছে। ২০২৩ সালের ৯ জানুয়ারি তিনি নির্যাতিতার বাবাকে ফোন করে বিয়ে সংক্রান্ত বিষয়ে বেশি কথা বললে মিথ্যা মামলায় ফাঁসিয়ে জেলে পাঠানোর হুমকি দেন বলে অভিযোগ।
তদন্তে উঠে এসেছে, প্রাথমিকভাবে মনমোহন ওই ধরনের কোনও হুমকি দেওয়ার কথা অস্বীকার করেছিলেন। এমনকি, ২০২২ সালের নভেম্বরে নির্যাতিতার বাবাই তাঁকে ফোন করেছিলেন বলে দাবি করেন। তবে পরবর্তী তদন্তে পাওয়া তথ্যপ্রমাণের ভিত্তিতে তাঁকে হুমকির ঘটনায় অভিযুক্ত করা হয়েছে।
এর আগে মূল চার্জশিট অসম্পূর্ণ বলে দাবি করে নির্যাতিতা আদালতে প্রতিবাদ জানিয়ে পিটিশন জমা দেন। গত বছরের ২৩ ডিসেম্বর আদালত ওই আবেদনের কয়েকটি বিষয় নিয়ে আরও তদন্তের নির্দেশ দেয়।
এদিকে, এইমসের ফ্যাকাল্টি সেল জানিয়েছে, প্রতিষ্ঠানে যোগ দেওয়ার সময় দীপক গুপ্তা নিজেকে অবিবাহিত বলে ঘোষণা করেছিলেন। তাঁর আগাম জামিন বাতিলের আবেদনের শুনানি বৃহস্পতিবার হওয়ার কথা।
২০২৪ সালের ফেব্রুয়ারিতে সেশনস কোর্ট তাঁকে আগাম জামিন দিয়েছিল। এফআইআর অনুযায়ী, এইমসের নিউরোসার্জারি বিভাগের অধ্যাপক দীপক গুপ্তা বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার ওই মহিলা চিকিৎসককে ধর্ষণ করেন। অভিযোগ, পরে বিয়ের নাটক করে তাঁকে গর্ভপাত করতেও বাধ্য করা হয়। হউজ খাস থানায় ধর্ষণ-সহ ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় তাঁর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।
Rape Charge AIIMS Doctor
মহিলা চিকিৎসককে ধর্ষণ, এইমস-র চিকিৎসকের বিরুদ্ধে মামলায় অতিরিক্ত চার্জশিট
×
Comments :0