১৭৮ বছর আগে, ১৮৪৮ সালে প্রকাশিত ‘কমিউনিস্ট পার্টির ইশ্তেহার’-এ কার্ল মার্কস ও ফ্রেডারিক এঙ্গেলস বলেছিলেন “ইউরোপকে একটি ভূত তাড়া করছে— কমিউনিজমের ভূত।’’ মার্কিন প্রশাসনের শীর্ষকর্তারা এখনও সেই ‘কমিউনিজমের ভূত’ দেখছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের বিদেশ সচিব মার্কো রুবিও গত শুক্রবার ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত রক্ষণশীল আইনজীবীদের সংগঠন দ্য ফেডারেলিস্ট সোসাইটির বার্ষিক ‘ন্যাশনাল ল’ইয়ার্স কনভেনশন’-এ বলেছেন, ‘‘...যদিও আমরা সোভিয়েত কমিউনিজমের প্রতিষ্ঠানকে পরাজিত করেছি, আমরা মার্কসের চেতনার উপর জয়লাভ করতে পারিনি। মার্কসের সেই চেতনা আজও বেঁচে আছে—তা নতুন রূপে ও মতবাদে টিকে আছে, যা জাতীয় ইচ্ছাকে বিশ্বের তুচ্ছ ঐকমত্যের অধীনস্ত করতে চায়। মার্কসবাদ মানুষের মধ্যকার ভেদাভেদ বা স্বতন্ত্রতা বিলুপ্ত করতে চেয়েছিল। আর আমাদের সময়ের উগ্রপন্থীরা বিভিন্ন জাতির মধ্যেকার স্বতন্ত্রতাকেই বিলুপ্ত করতে চায়।’’
সম্প্রতি অনুষ্ঠিত মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ক্ষমতাসীন রিপাবলিকান পার্টি বড় ধরনের পরাজয়ের সম্মুখীন হয়েছে। নির্বাচনে ট্রাম্পের চরম দক্ষিণপন্থী নীতির বিরুদ্ধে মানুষ রায় দিয়েছেন বলে বিশেষজ্ঞদের মত। নির্বাচনে দারিদ্র, অসাম্য, বেকারি এবং ট্রাম্প প্রশাসনের যুদ্ধবাদী নীতির বিরুদ্ধেই মানুষ মত দিয়েছেন। ডেমোক্রেটিক পার্টির প্রার্থীদের মধ্যে বামপন্থী নীতির সমর্থকদের অনেকেই সাফল্য পেয়েছেন। নির্বাচনের পর এটিই ছিল রুবিওর প্রথম বড় জনসভায় ভাষণ। ২০২৮ সালের রাষ্ট্রপতি নির্বাচনে তিনি প্রার্থী হতে পারেন—এমন জল্পনার মধ্যে রক্ষণশীল শিবিরে নিজের অবস্থান ও মতাদর্শগত দৃঢ়তা তুলে ধরতেই তিনি এই মঞ্চটি ব্যবহার করেছেন বলে বিশ্লেষকরা মনে করেন।
ঘটনা হলো, সোভিয়েত ইউনিয়নের বিপর্যয় এবং ঠান্ডা যুদ্ধের অবসানের পর পুঁজিবাদী শিবিরের উল্লসিত ঘোষণা ছিল এখানেই ‘ইতিহাসের অবসান’ হয়েছে এবং ‘দেয়ার ইজ নো অল্টারনেটিভ’ অর্থাৎ পুঁজিবাদী ব্যবস্থার কোনও বিকল্প নেই। বাস্তবে যতই দিন গেছে, পুঁজিবাদী ব্যবস্থার সঙ্কট বেড়েই চলেছে। ১৯৯৭ সালে পূর্ব এশিয়ার সঙ্কট, ২০০১ সালে শেয়ার বাজারে সঙ্কট, সর্বোপরি ২০০৮ সালে বিশ্বব্যাপী অর্থনৈতিক সঙ্কটের জেরে এই ব্যবস্থা দেশে দেশে মুখ থুবড়ে পড়ছে। অর্থনৈতিক মন্দা থেকে উতরোতে পারেনি পুঁজিবাদী দুনিয়া। চরম বৈষম্য, তরুণ প্রজন্মের অনিশ্চিত ভবিষ্যৎ এবং খেটে খাওয়া মানুষের জীবনযাপনের অবনতির মধ্যে দিয়ে নতুন করে মার্কসবাদী ও সমাজতান্ত্রিক চিন্তাধারার জনপ্রিয়তা বাড়ছে। গোটা ইউরোপ জুড়ে শ্রমজীবী মানুষের ব্যাপক বিক্ষোভ চলছে। তরুণ প্রজন্ম রাস্তায় নেমে এসেছে। সম্প্রতি হাঙ্গেরি, ব্রাজিল, সার্বিয়ার নির্বাচনে দক্ষিণপন্থার বিরুদ্ধে মানুষ রায় দিয়েছেন। ইজরায়েলের নির্বাচনে অতি দক্ষিণপন্থী নেতানেয়াহু সহ দেশে দেশে চরম দক্ষিণপন্থী শাসকদের পতনের ইঙ্গিতবহ ঘটনা ঘটেছে।
এর আগে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বারংবার কমিউনিজমকেই আমেরিকার প্রধান শত্রু হিসাবে চিহ্নিত করেছেন। বিরোধীদের বরাবরই ‘অতি বামপন্থী’ ও ‘কমিউনিস্ট’ বলে আক্রমণ করেছেন। এতে ফল উলটো হয়েছে। বিরোধীরা একঘরে হওয়ার বদলে উলটে আমেরিকার ট্রাম্প-বিরোধী রাজনৈতিক পরিসরে বামপন্থীরা প্রভাব বাড়িয়েছে। এ মাসের মিড-টার্ম নির্বাচনে ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির ভরাডুবির পিছনেও ‘কমিউনিজমের ভূত’ দেখছে হোয়াইট হাউস। মার্কিন সমাজে ক্রমবর্ধমান অর্থনৈতিক বৈষম্য, আবাসন ও শিক্ষার বিপুল ব্যয়, কর্মসংস্থানের অনিশ্চয়তা এবং কর্পোরেট পুঁজির একচেটিয়া আধিপত্যের বিরুদ্ধে তরুণদের ক্ষোভের প্রতিফলন মধ্যবর্তী নির্বাচনে ঘটেছে। ২০২৮সালের নির্বাচনে বামপন্থী প্রার্থীকে জয়ী করার সপক্ষে ইতিমধ্যেই জনমত তৈরি হওয়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এই প্রেক্ষিতেই আবার ‘কমিউনিজমের ভূত’ দেখতে শুরু করেছে্ হোয়াইট হাউস।
Editorial
‘কমিউনিজমের ভূত’
×
Comments :0