SFI

বুক স্টলে পুলিশি বাধা, কলেজ স্ট্রিট থেকে আটক একাধিক এসএফআই কর্মী

রাজ্য কলকাতা

বুক স্টল করতে গিয়ে পুলিশে হাতে আক্রান্ত হলেন ছাত্ররা। কলেজ স্ট্রিটে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে বুক স্টল করতে গিয়ে আটক হলেন এসএফআই কর্মী সমর্থকরা। গত চার বছর ধরে নভেম্বর বিপ্লব বার্ষিকী উপলক্ষে ‘সংগ্রামী বইপত্র’ এর স্টল করছে এসএফআই কলকাতা বিশ্ববিদ্যালয় আঞ্চলিক কমিটি। এবারও সেই কর্মসূচি করার কথা ছিল। পুলিশ এবং পৌরসভার কাছ থেকে নেওয়াও হয়েছিল অনুমতি। কিন্তু গতকাল স্টল তৈরি করতে গেলে প্রথম বাধা দেয় পুলিশ। জানায় রাস্তায় স্টল করলে গাড়ি চলাচলে সমস্যা হবে তাই স্টল করা যাবে না। 
পুলিশের বাধাকে উপেক্ষা করে এদিন সকাল থেকে কলেজ স্ট্রিটে জমায়েত করতে থাকেন এসএফআই কর্মী সমর্থকরা। রাস্তায় বসে তারা শুরু করেন বই বিক্রি করার কাজ। ছাত্রদের এই কর্মসূচি আটকাতে বিশাল সংখ্যায় পুলিশ মোতায়েন করা হয়। সাথে ছিল প্রিজন ভ্যানও। পরিস্থিতি উত্তপ্ত হয়। পুলিশ রাস্তা ছাড়তে বললে নেতৃত্ব স্পষ্ট জানায় তাদের সব অনুমতি নেওয়া আছে। রাস্তার ধারে স্টল করতে না দিলে রাস্তায় বসেই চলবে বই বিক্রি। 
এরপরই এসএফআই কর্মী সমর্থকদের আটক করতে শুরু করে পুলিশ। রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে সহ একাধিক নেতৃত্বকে আটক করা হয়েছে। 
এর আগে শারদীয়া, দীপাবলিতে দেখা গিয়েছে বইয়ের স্টলের ওপর আক্রমণ নামিয়ে এনেছে বিজেপি। কখনও গুন্ডা বাহিনীদের দিয়ে হয়েছে আক্রমণ আবার কখনও পুলিশ দিয়ে। যাদবপুরে বুলডোজার দিয়ে ভাঙার চেষ্টা হয়েছিল স্টল। চলেছিল লাঠি। কিন্তু তাও স্টল আটকাতে পারেননি তারা।

আটক হওয়ার পর একটি ভিডিও বার্তায় এসএফআই রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে বলেন, ‘আজকের ঘটনা স্পষ্ট করলো এই সরকার বইয়ের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। গোটা কলেজ স্ট্রিট ঘটরে রেখেছিল যাতে স্টল করতে না পারে এসএফআই। পুলিশি হুমকি উপেক্ষা করে ট্রাম লাইনে বসে ছাত্র ছাত্রীরা বই বিক্রি করছিলেন। ছাত্র ছাত্রীদের রাস্তায় ফেলে মারধর করা হয়েছে। চারটে প্রিজন ভ্যানে তোলা হয়েছে ছেলে মেয়েদের। এর আগে বই বনাম বুলডোজার দেখেছিল রাজ্য এবার বই বনাম প্রিজন ভ্যান। বই হাতে নিয়েই আমাদের লড়াই চলবে।’

Comments :0

Login to leave a comment