নির্বাচন যত এগিয়ে আসছে, গেরুয়া শিবিরের অন্দরের কঙ্কালটা তত বেশি করে বেরিয়ে পড়ছে। কোথাও আদি বনাম নব্যর লড়াই, তো কোথাও সরাসরি টাকার বিনিময়ে টিকিট বিক্রির অভিযোগ। প্রার্থী বদলকে কেন্দ্র করে বুধবার কার্যত রণক্ষেত্রের চেহারা নিল ময়নাগুড়ি। আদি বিজেপি কর্মীদের ক্ষোভের আগুনে এদিন ভস্মীভূত হলো দলের ‘শৃঙ্খলার’ দাবি। পরিস্থিতি এতটাই চরমে ওঠে যে, ক্ষুব্ধ কর্মীরা দলীয় কার্যালয়ে তালা ঝুলিয়ে দিয়ে নেতৃত্বের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন।
ময়নাগুড়ি বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রথমে কৌশিক রায়ের নাম ঘোষণা করেছিল। কিন্তু আচমকাই তাঁকে সরিয়ে ডালিম রায়কে প্রার্থী করা হয়। আর এই ডালিম রায়কে ঘিরেই যাবতীয় বিতর্কের সূত্রপাত। বিক্ষুব্ধ কর্মীদের সরাসরি অভিযোগ, তৃণমূল থেকে আসা ডালিম রায়কে টিকিট পাইয়ে দিতে বড়সড় আর্থিক লেনদেন হয়েছে। এক আন্দোলনকারী কর্মীর কথায়, “দলের পুরনো কর্মীদের কোনও দাম নেই। ৫২ লক্ষ টাকার বিনিময়ে টিকিট কিনেছেন ডালিম রায়। এখানে আদর্শ নয়, টাকার বিনিময়ে বহিরাগতদের কাছে টিকিট বিক্রি হচ্ছে।”
বুধবার সকাল থেকেই উত্তেজনা ছিল ময়নাগুড়ি বিজেপি অফিস চত্বরে। প্রার্থী বদলের প্রতিবাদে আদি বিজেপি কর্মীরা কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় যখন ডালিম রায়ের অনুগামীরা এসে জোর করে তালা খোলার চেষ্টা করেন। মুহূর্তে দুই পক্ষের মধ্যে শুরু হয় চরম বাদানুবাদ ও হাতাহাতি। একে অপরের দিকে তেড়ে যান কর্মীরা। সাধারণ মানুষের চোখে এদিন আরও একবার স্পষ্ট হয়ে যায় যে, নীতি-আদর্শ নয়, ক্ষমতা আর টাকার ভাগাভাগিই গেরুয়া শিবিরের আসল চালিকাশক্তি।
বিক্ষুব্ধ শিবিরের দাবি স্পষ্ট, ‘তৃণমূল ফেরত’ ডালিম রায়কে অবিলম্বে সরাতে হবে এবং কৌশিক রায়কেই প্রার্থী হিসেবে বহাল রাখতে হবে। শুধুমাত্র তালা ঝুলিয়েই ক্ষান্ত হননি তাঁরা, দিয়েছেন প্রকাশ্য হুঁশিয়ারি। তাঁদের বক্তব্য, যদি প্রার্থী বদল না করা হয়, তবে ডালিম রায়ের সমর্থনে যাঁরা গ্রামে প্রচারে যাবেন, তাঁদের সাধারণ মানুষের তীব্র প্রতিরোধের মুখে পড়তে হবে।
রাজনৈতিক মহলের মতে, ময়নাগুড়ির এই ঘটনা আসলে গোটা রাজ্যের বিজেপি অন্দরের প্রতিচ্ছবি। একদিকে পুরনো কর্মীদের অবহেলা আর অন্যদিকে অন্য দল থেকে আসা নেতাদের প্রাধান্য— এই সাঁড়াশি চাপে কার্যত দিশেহারা হয়ে পড়েছে জেলা নেতৃত্ব। নির্বাচনের আগে এই গোষ্ঠীদ্বন্দ্ব ভোটবাক্সে কী প্রভাব ফেলে, সেটাই এখন দেখার।
Election Maynaguri
প্রার্থী কেনাবেচার হাটে রণক্ষেত্র ময়নাগুড়ি, ফের বিজেপির কার্যালয়ে তালা
×
Comments :0