প্রায় ১৯ দিন ধরে বন্ধ জল। নেই রাস্তার আলোও। তারই মধ্যে পুলিশের তরফে মৌখিক ভাবে জানিয়ে দেওয়া হয়েছে উচ্ছেদ হবে জ্যোতিনগর কলোনিতে। বাসিন্দাদের কাছে এই বস্তির বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও এই ঘটনার পর আশঙ্কায় দিন কাটাচ্ছেন তাঁরা।
কলকাতা কর্পোরেশনের ৬ নম্বর ওয়ার্ডের কাশীপুর জেটি সংলগ্ন জ্যোতিনগর কলোনিতে প্রায় ১৯ দিন ধরে জল সরবরাহ বন্ধ। বন্ধ করে দেওয়া হয়েছে রাস্তার আলোও। ফলে প্রায় ৫০০ পরিবার চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছিলেন। এখন উচ্ছেদের চিন্তায় আতঙ্কিত তাঁরা।
রবিবার রাতে নর্থ পোর্ট থানার পুলিশ আধিকারিকরা এসে উচ্ছেদের কথা বলে যায়। স্থানীয়রা বলেছেন, রবিবার রাতে নর্থ পোর্ট থানায় 'ছোট বাবু' এসে উচ্ছেদের কথা বলে গিয়েছেন। তারপর সোমবার সকালে গার্ডরেল দিয়ে কলোনির দুই দিক ঘিরে ফেলা হয়েছিল। বুলডোজার নিয়ে এসে ভাঙা বলে বলেও জানানো হয়েছে এলাকাবাসীদের। কিন্তু এদিন দুপুরের পর গার্ড রেল সরিয়ে নিয়ে গিয়েছে পুলিশ। তবুও আশঙ্কায় রয়েছে ৫০০ পরিবার। উচ্ছেদ হলে যাবে কোথায় তাঁরা।
কলকাতা হাইকোর্টের সোমবার মামলাটি উল্লেখ করা হয়েছে। আইনজীবী শামিম আহমেদ জানিয়েছেন, সোমবার হাইকোর্টে মামলাটি 'মেনশন' করে হয়েছে। বিচারপতি জানিয়েছেন নগর দায়রা আদালতে যদি আগামীকাল, মঙ্গলবার, মামলাটি না ওঠে তাহলে হাইকোর্টে মামলাটি শোনা হবে।
তিনি আরও জানান, "নর্থ পোর্ট থানায় চিঠি পাঠাবো যাতে পুলিশ উচ্ছেদ না করে। যেহেতু মামলটিটি এখনও বিচারাধীন রয়েছে।"
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এলাকার বেশিরভাগই সংখ্যালঘু। সেই জন্যই মিলছে না জল ও বিদ্যুৎ। কর্পোরেশন এবং প্রশাসনে কাছে জানালেও কোনও সুরাহা মেলেনি। এই বস্তি নিয়ে সিটি সিভিল কোর্টে মামলা চলমান থাকা সত্ত্বেও গতকাল থেকে পুলিশি হুমকি দেওয়া হচ্ছে এবং বারবার বলা হচ্ছে, এই বস্তি ভেঙে দেওয়া হবে।
Comments :0