2022 TET-qualified job aspirants protest

নিয়োগের বিজ্ঞপ্তি কোথায়? ফের রাস্তায় টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা

রাজ্য

সরকার বদলালেও চাকরি প্রার্থীদের অবস্থা বদলায়নি। রাজ্যে সরকার পরিবর্তন হয়েছে ১০০ দিন পেরিয়েছে। কিন্তু নিয়োগের দাবিতে ফের রাস্তায় নামলেন ২০২২ টেট উত্তীর্ণ ডিএলএড প্রাথমিক চাকরি প্রার্থীরা। প্রশ্ন তুললেন, নিয়োগের বিজ্ঞপ্তি কোথায়?
বুধবার শিয়ালদহ থেকে ধর্মতলা পর্যন্ত মিছিলে শূন্যপদ বৃদ্ধি করে দ্রুত নিয়োগের দাবি জানালো ‘২০২২ টেট পাশ ডিএলএড ঐক্যমঞ্চ’।
লাগাতার আন্দোলনের পর ইন্টারভিউর ধাপে এসে পৌঁছেছিলেন ২০২৫ সালে। নির্বাচনের কারণে সেই প্রক্রিয়াও স্থগিত হয়, কবে চালু হবে তার কোনও খবর নেই। আন্দোলনকারীরা প্রশ্ন করছেন, গত বছর সেপ্টেম্বরে ঐক্যমঞ্চের বিধানসভা অভিযানের দিন  শুভেন্দু অধিকারী বলেছিলেন, "ওদের দাবি ন্যায্য, আমি যদি আজ বিধানসভায় থাকতাম ওদের সঙ্গে কথা বলতাম।" 
আন্দোলনকারীদের প্রশ্ন, তখন তিনি ছিলেন বিরোধী দলনেতা, বর্তমানে মুখ্যমন্ত্রী। তাহলে এখন কেন তিনি চাকরিপ্রার্থীদের নিয়োগ করছেন না। তাঁরা দাবি করেছেন, অবিলম্বে ৫০ হাজার শূন্যপদে নিয়োগ করতে হবে। 
আন্দোলনকারী চাকরিপ্রার্থী বিজয় ঘোড়াই ক্ষোভ প্রকাশ করে বলেন, "২০২২ থেকে এখন ২০২৬-এ এসে গেলাম কিন্তু নিয়োগ হল না এখনও।  সরকার বদল হলেও টেট পাশ চাকরীপ্রার্থীদের হাল একই থেকে গেল। তখনও রাস্তায় ছিলাম, এখনও রাস্তায় নেমে দাবি জানাতে হচ্ছে।"


চাকরিপ্রার্থী বিদেশ গাজীর কথায়, "২০২২ সাল থেকে আন্দোলন করে চলেছি আমরা। সেই আন্দোলনের কারণেই সেই সরকার বাধ্য হয়েছিল। নতুন সরকারের ১০০ দিন পুরণ হয়েছে। কিন্তু এখনও সেই একই অবস্থা। বিজেপি সরকারের দৃষ্টি আকর্ষণের জন্যও তৃণমূল সরকারের মতোই রাস্তায় নামতে বাধ্য হচ্ছি আমরা। নতুন নিয়োগ না করে এই সরকার ‘সারপ্লাস ট্রানফার’ করছে। যত অবৈতনিক প্রাথমিক স্কুল, পূর্বতন রাজ্য সরকারের উদাসীনতার কারণে বেহাল দশা হয়েছিল, এখন সেগুলি উঠে যাওয়ার মুখে। গরিব খেটে খাওয়া পরিবারের সন্তানদের জন্য শিক্ষাকে বাঁচাতে, এই স্কুলগুলিকে বাঁচাতে, দীর্ঘদিন নিয়োগের অপেক্ষায় থাকা বেকারদের বাঁচাতে অবিলম্বে ৫০ হাজার শূন্যপদে নিয়োগ চালু করতে হবে সরকারকে।"

Comments :0

Login to leave a comment