তিন দিনের পশ্চিমবঙ্গ সফরে বৃহস্পতিবার সন্ধ্যায় শিলিগুড়িতে পৌঁছচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সীমান্ত নিরাপত্তা, সশস্ত্র সীমা বল (এসএসবি)-র বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও পর্যালোচনা, এবং নতুন তিনটি ফৌজদারি আইন বাস্তবায়ন নিয়ে একাধিক কর্মসূচিতে অংশ নেবেন তিনি।
সরকারি সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাত প্রায় ৮টায় চেন্নাই থেকে বাগডোগরা বিমানবন্দরে পৌঁছবেন অমিত শাহ। সেখান থেকে তিনি সুকন্যায় যাবেন এবং সেখানেই রাতে থাবেন।
এই সফরকে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। কারণ, শিলিগুড়ি করিডর বা চিকেনস নেক উত্তর-পূর্ব ভারতের সঙ্গে দেশের মূল ভূখণ্ডের একমাত্র স্থল সংযোগ, যা নেপাল, ভুটান ও বাংলাদেশের সীমান্তের অত্যন্ত কাছাকাছি অবস্থিত।
শুক্রবার সকালে শিলিগুড়ির এসএসবি ফ্রন্টিয়ার সদর দপ্তরে যাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সেখানে সীমান্ত নিরাপত্তা সংক্রান্ত একাধিক অবকাঠামো প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন এবং এসএসবি জওয়ানদের সঙ্গে মতবিনিময় করবেন। পরে জওয়ানদের সঙ্গে ঐতিহ্যবাহী ‘বড়া খানা’য় অংশ নেওয়ারও কথা রয়েছে তার।
এরপর কাওয়াখালি ময়দানে ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস) বিষয়ক প্রদর্শনী ও একটি পর্যালোচনা বৈঠকে যোগ দেবেন শাহ। ২০২৪ সালের ১ জুলাই থেকে কার্যকর হওয়া ভারতীয় ন্যায় সংহিতা, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা এবং ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম এই তিনটি নতুন আইনই ঔপনিবেশিক আমলের আইপিসি, সিআরপিসি ও ভারতীয় সাক্ষ্য আইনকে প্রতিস্থাপন করেছে।
রাতে সুকন্যায় ফিরে সীমান্ত নিরাপত্তাসহ দুটি গুরুত্বপূর্ণ পর্যালোচনা বৈঠকে সভাপতিত্ব করবেন তিনি।
সফরের শেষ দিনে, শনিবার আরও দুটি বৈঠক সেরে বাগডোগরা বিমানবন্দর থেকে নয়াদিল্লির উদ্দেশে রওনা দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
উল্লেখ্য, মাত্র এক মাস আগেই পশ্চিমবঙ্গ সফরে এসে অমিত শাহ বিএসএফ-এর একটি সীমান্ত চৌকি পরিদর্শন করেন এবং সীমান্তরক্ষী বাহিনীর একাধিক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। এবারও তার সফরের মূল কেন্দ্রবিন্দু সীমান্ত নিরাপত্তা ও উত্তরবঙ্গের কৌশলগত গুরুত্ব।
Amit Shah
তিন দিনের সফরে আজ সন্ধ্যায় শিলিগুড়িতে অমিত শাহ, সীমান্ত নিরাপত্তা ও নতুন ফৌজদারি আইন পর্যালোচনায় জোর
×
Comments :0