হলদিয়া পেট্রোক্যামিকেলসের ন্যাফথাবাহী পাইপলাইনে মঙ্গলবার ভোরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দুর্ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।
কারখানা সূত্রে খবর, মঙ্গলবার ভোর ৪টা থেকে ৫টার মধ্যে হঠাৎ করেই ন্যাফথাবাহী পাইপলাইন থেকে আগুনের শিখা বেরিয়ে আসে। মুহূর্তের মধ্যেই আগুন ভয়াবহ আকার ধারণ করে। সে সময় ঘটনাস্থলে কর্মরত একাধিক শ্রমিক আগুনে দগ্ধ হন।
ঘটনার পর কারখানা চত্বর থেকে ঘন কালো ধোঁয়া আকাশে ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে আনতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান কারখানার কর্মী ও স্থানীয় বাসিন্দারা। পরে আহতদের উদ্ধার করে হলদিয়া মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, কয়েকজনের শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় তাঁদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
ন্যাফথা একটি অত্যন্ত দাহ্য তরল জ্বালানি, যা অপরিশোধিত খনিজ তেল পরিশোধনের মাধ্যমে তৈরি হয়। পেট্রোল, কেরোসিন-সহ বিভিন্ন জ্বালানি উৎপাদনে এটি গুরুত্বপূর্ণ কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়। ফলে ন্যাফথাবাহী পাইপলাইনে আগুন লাগার ঘটনায় ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়েছে।
তবে কী কারণে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল, সে বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি কারখানা কর্তৃপক্ষ। ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনার পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখা হচ্ছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।
Fire
হলদিয়া পেট্রোকেমিকেলে আগুন
×
Comments :0