বুধবার রাজ্য বিধানসভার বিশেষ অধিবেশনে পাশ হলো হাওড়া এবং কলকাতা পৌরসভা ওয়ার্ড পুনর্বিন্যাস বিল। হাওড়া পুরসভায় ওয়ার্ডের সংখ্যা ৫০ থেকে বাড়িয়ে করা হলো ৬৮। কলকাতার ওয়ার্ড সংখ্যা ১৪৪ থেকে বেড়ে হলো ২০৯। একই সঙ্গে গত ৭ ফেব্রুয়ারি বিধানসভায় পাশ হওয়া সংশোধনী বিলটি প্রত্যাহার করা হয়েছে এদিন।
রাজ্যের নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পল জানিয়েছেন, জনসংখ্যার বিন্যাসে পরিবর্তনের কারণেই ওয়ার্ডের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওয়ার্ড পুনর্বিন্যাস হলে সাধারণ মানুষ আরও কার্যকরভাবে পৌর পরিষেবা পাবেন বলেও দাবি করেন তিনি।
অগ্নিমিত্রা বলেন, ‘জনসংখ্যার পরিবর্তনের কথা মাথায় রেখেই ওয়ার্ডের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওয়ার্ড পুনর্বিন্যাসের পর নাগরিকরা আরও কার্যকরভাবে পৌর পরিষেবা পাবেন।’
এদিনের বক্তব্যে আগের তৃণমূল সরকারের বিরুদ্ধেও সরব হন নগরোন্নয়ন মন্ত্রী। তার অভিযোগ, নির্বাচনে হারের আশঙ্কাতেই দীর্ঘদিন হাওড়ায় পৌর নির্বাচন হতে দেওয়া হয়নি। অগ্নিমিত্রার দাবি, ‘মানুষের রায়ে হেরে যাওয়ার ভয়েই তৃণমূল এতদিন নির্বাচন হতে দেয়নি।’ উল্লেখ্য দীর্ঘদিন হাওড়া পৌরসভায় কোন নির্বাচন হয়নি। প্রশাসক দিয়ে কাজ চালানো হয়েছে। বামপন্থীরা একাধিক বার এই বিষয় আন্দোলন করেছে। কিন্তু তৃণমূল সরকার নির্বাচন করেনি।
হাওড়ার পৌর পরিষেবার জন্য আর্থিক বরাদ্দ নিয়েও অভিযোগ তোলেন মন্ত্রী। তার দাবি, পৌরসভার জন্য বরাদ্দ প্রায় ২০০ কোটি টাকা থেকে হাওড়াকে বঞ্চিত করা হয়েছে।
সরকারের তরফে জানানো হয়েছে, হাওড়া মিউনিসিপ্যাল অ্যাক্ট, ২০২৬-এর আওতায় এই সংশোধনী আনা হয়েছে। অগ্নিমিত্রা বলেন, ‘হাওড়া মিউনিসিপ্যাল অ্যাক্ট অনুযায়ী হাওড়া মিউনিসিপ্যাল অ্যাক্ট (অ্যামেন্ডমেন্ট) বিল, ২০২৬ তৈরি করা হয়েছে।’
এদিকে, কলকাতা পুরসভার ওয়ার্ডের সংখ্যাও বাড়ানোর প্রাথমিক প্রস্তাব ইতিমধ্যেই অনুমোদন করেছে রাজ্য মন্ত্রিসভা। ১৪৪টি ওয়ার্ড থেকে কলকাতা পুরসভার ওয়ার্ড সংখ্যা বাড়িয়ে ২০৯ করার প্রস্তাব বিধানসভায় পাশ হয়েছে। সেই ক্ষেত্রে কলকাতায় ৬৫টি নতুন ওয়ার্ড তৈরি হবে।
জনসংখ্যার বিন্যাস ও নাগরিক পরিষেবার প্রয়োজনের সঙ্গে সামঞ্জস্য রেখে দুই পুর এলাকাতেই প্রশাসনিক কাঠামোয় বড় পরিবর্তন আসতে চলেছে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।
Assembly
বিধানসভায় পাশ কলকাতা এবং হাওড়া পৌরসভা ওয়ার্ড পুনর্বিন্যাস বিল
×
Comments :0