বীরভূমে নগদের পাহাড় উদ্ধারকে ঘিরে তোলপাড় রাজ্য রাজনীতি। পুলিশের অভিযানে এক ব্যক্তির বাড়ি থেকে উদ্ধার হয়েছে অন্তত ২৮ কোটি টাকা নগদ এবং ১৫ কেজি সোনা, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২১ কোটি টাকা। বিপুল পরিমাণ নগদ গুনতে গিয়ে পাঁচটি নোটগোনার মেশিন বিকল হয়ে যায় বলেও পুলিশ সূত্রে জানা গিয়েছে।
এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে মিনার মণ্ডলকে। তিনি পেশায় বাসচালক ছিলেন বলে জানা গেলেও বর্তমানে পাথর ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। তদন্তকারীদের দাবি, মিনার মণ্ডল হলেন পাথর ব্যবসায়ী টুলু মণ্ডল-এর আত্মীয়। টুলু মণ্ডলকে প্রাক্তন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ বলে দাবি করা হচ্ছে।
পুলিশ সূত্রের দাবি, জেরায় মিনার মণ্ডল স্বীকার করেছেন যে উদ্ধার হওয়া নগদ অর্থ ও সোনা টুলু মণ্ডল এবং সিন্ডিকেটের।
বুধবার অভিযান শুরু হয়। প্রথমে প্রায় ৫.৫ কোটি টাকা উদ্ধার হলেও রাতভর তল্লাশি চালিয়ে বৃহস্পতিবার সকালে উদ্ধার হওয়া নগদের পরিমাণ বেড়ে ২৮ কোটিরও বেশি হয়। তদন্তকারীদের দাবি, মিনার মণ্ডলের সঙ্গে টুলু মণ্ডলের পাথর খাদান ও স্টোন ক্রাশিং ইউনিটগুলির যোগসূত্র রয়েছে। বিপুল পরিমাণ নগদ অর্থ কোথা থেকে এল এবং কীভাবে তা সংগ্রহ করা হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।
অভিযানের সময় ঘটনাস্থলে ছিলেন একাধিক শীর্ষ পুলিশ আধিকারিক ও বিশাল পুলিশবাহিনী। তবে কী নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এই অভিযান চালানো হয়েছে এবং এর সঙ্গে কোনও বেআইনি আর্থিক লেনদেন বা অন্য অপরাধমূলক কর্মকাণ্ডের যোগ রয়েছে কি না, সে বিষয়ে পুলিশ এখনও আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানায়নি।
এদিকে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এক্স-এ পোস্ট করে দাবি করেছেন, বেআইনি বালি মাফিয়াদের বিরুদ্ধে নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এই অভিযান চালানো হয়েছে। তিনি জানান, উদ্ধার হওয়া সম্পদের মধ্যে রয়েছে বিপুল পরিমাণ নগদ অর্থ এবং ১৫ কেজি সোনা।
তদন্তকারী সূত্রে জানা গিয়েছে, মিনার মণ্ডল আগে রাজ্যের পরিবহণ দফতরে কর্মরত ছিলেন এবং বাসচালক হিসেবে কাজ করতেন। পরে তিনি পাথর ব্যবসায় যুক্ত হন। তার আয়ের উৎস এবং বিপুল সম্পদের উৎস খতিয়ে দেখা হচ্ছে।
এই ঘটনাকে ঘিরে তৃণমূল কংগ্রেসের দুই শিবিরের মধ্যে শুরু হয়েছে রাজনৈতিক দোষারোপ। তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ বলেন, ‘যাদের বাড়ি থেকে এই বিপুল নগদ উদ্ধার হয়েছে, তাদের সঙ্গে কিছু তথাকথিত ভালো তৃণমূল নেতার ঘনিষ্ঠ সম্পর্কের অভিযোগ উঠছে। সত্য সামনে আসা উচিত। প্রয়োজনে সেই নেতাদেরও জিজ্ঞাসাবাদ করা হোক।’
অন্যদিকে তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি বলেন, ‘বীরভূম দীর্ঘদিন ধরে কয়েকজন প্রভাবশালী নেতার একচ্ছত্র প্রভাব ছিল। অভিযুক্তদের সঙ্গে সেই প্রভাবশালী ব্যক্তিদের সম্পর্ক কতটা গভীর, তা তদন্ত করে দেখা উচিত।’
ঋতব্রত শিবিরের তৃণমূল বিধায়ক প্রসুন ব্যানার্জি বলেন, ‘গোপন সূত্রের খবরের ভিত্তিতে এত বড় উদ্ধার অভিযানের জন্য পুলিশ প্রশংসার দাবিদার। এই অর্থ কার এবং কারা এর সঙ্গে জড়িত, তা সম্পূর্ণ তদন্ত করে বের করা উচিত।’
এই বিপুল সম্পত্তি উদ্ধারের পর ফের আলোচনায় উঠে এসেছে ২০২৪ সালে টুলু মণ্ডলের মেয়ের জাঁকজমকপূর্ণ বিয়ে। সূত্রের দাবি, বীরভূমের সিউড়িতে অনুষ্ঠিত ওই বিয়েতে প্রায় ১০০ কোটি টাকা খরচ হয়েছিল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টলিউড ও বলিউডের একাধিক তারকা, তাদের মধ্যে ছিলেন অঙ্কুশ হাজরা, দর্শনা বণিক, আরবাজ খান এবং জারিন খান।
এখন এই বিপুল নগদ ও সোনা উদ্ধারের ঘটনার আর্থিক উৎস, সম্ভাব্য বেআইনি লেনদেন এবং এর সঙ্গে আর কারা জড়িত, তা খতিয়ে দেখছে পুলিশ।
Birbhum
২৮ কোটি টাকা ও ১৫ কেজি সোনা উদ্ধার, গ্রেপ্তার মিনার মণ্ডল; তৃণমূলের অন্দরে শুরু রাজনৈতিক তরজা
×
Comments :0