কলকাতার এনআরএস মেডিক্যাল কলেজ ও হাসপাতালে এক মহিলা নার্সের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। বুধবার রাতে হাসপাতালের এইচডিইউ ওয়ার্ডের ৩৩ নম্বর ঘরের সংলগ্ন শৌচাগার থেকে ওই নার্সকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতার বয়স ৩০ বছর। তিনি দমদম থানা এলাকার বাসিন্দা।বুধবার, ১২ অগস্ট রাত ৮টা থেকে তার নাইট শিফট ডিউটি ছিল। রাত প্রায় ১০টা ২০ মিনিট নাগাদ তিনি শৌচাগারে যান। প্রায় সাত মিনিট পরেও তিনি ফিরে না আসায় সহকর্মী নার্সরা তাকে ডাকাডাকি করেন। কিন্তু ভিতর থেকে কোনও সাড়া পাওয়া যায়নি।
শৌচাগারের দরজা ভিতর থেকে বন্ধ ছিল। বারবার ডাকাডাকির পরও দরজা না খোলায় শেষ পর্যন্ত হাসপাতালের দুই ব্যক্তি, ২০ বছরের মহম্মদ শামসের আলম এবং ২০ বছরের শ্রেয়া গাইন, দরজা ভেঙে ভিতরে ঢোকেন। সেখানে ওই নার্সকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।
তড়িঘড়ি তাকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। তবে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা করে তাকে মৃত বলে ঘোষণা করেন।
ঘটনার খবর পেয়ে এনআরএস আউটপোস্ট থেকে তথ্য পেয়ে এন্টালি থানার পুলিশ এবং ডিডি হোমিসাইড টিম ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ ঘটনাস্থল ভালোভাবে পরীক্ষা করে। প্রাথমিক তদন্তে শরীরে কোনও দৃশ্যমান আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ঘটনাস্থল থেকে কোনও সুইসাইড নোটও উদ্ধার হয়নি।
মৃত্যুর প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয়। কারণ জানতে মৃতদেহের ময়নাতদন্ত এবং ইনকোয়েস্ট করা হবে বলে পুলিশ জানিয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরই মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
NRS nourse death
এনআরএস হাসপাতালে মহিলা নার্সের অস্বাভাবিক মৃত্যু, তদন্তে পুলিশ
×
Comments :0