Pinarayi Vijayan

তীব্র দাবদাহে পুড়ছে কেরালা, বেলা ১১টা থেকে ৩টে পর্যন্ত স্বেচ্ছা লকডাউন-এর ডাক মুখ্যমন্ত্রীর

জাতীয়

কেরালা জুড়ে তীব্র তাপপ্রবাহ। পরিস্থিতি মোকাবিলায় এবার 'স্বেচ্ছা লকডাউন'-এর ডাক দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। চরম এই গরমে তিনি সাধারণ মানুষকে বেলা ১১টা থেকে বিকেল ৩টের মধ্যে প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বেরোতে নিষেধ করেছেন।
পালাক্কাড়, কোল্লাম এবং ত্রিশূরের মতো জেলাগুলিতে তাপমাত্রা ইতিমধ্যেই ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে আবহাওয়া দফতর তীব্র তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে। বাতাসে অতিরিক্ত আর্দ্রতার কারণে রাজ্যের যেসব জায়গায় সরকারি সতর্কতা নেই, সেখানেও অস্বস্তি চরমে পৌঁছেছে।
নির্দেশিকায় মুখ্যমন্ত্রী বিজয়ন সতর্ক করে জানিয়েছেন, দীর্ঘক্ষণ অতিরিক্ত তাপের সংস্পর্শে থাকলে হিটস্ট্রোক এবং মৃত্যু-সহ মারাত্মক স্বাস্থ্য সংকট দেখা দিতে পারে। তাই অপ্রয়োজনীয় যাতায়াত বা বাইরের কাজ এড়িয়ে চলা অত্যন্ত জরুরি। তিনি বলেন, ‘হিটস্ট্রোকের কোনও উপসর্গ দেখা দিলে অবিলম্বে চিকিৎসকের সাহায্য নিন। অন্য কেউ অসুস্থ হয়ে পড়লে তাঁকে দ্রুত ছায়ায় নিয়ে গিয়ে শরীর ঠান্ডা করার ব্যবস্থা করুন।’ মুখ্যমন্ত্রীর মতে, সাধারণ মানুষের সম্মিলিত প্রচেষ্টাতেই এই প্রাকৃতিক সংকট মোকাবিলা করা সম্ভব।
রাজ্য সরকার বেলা ১১টা থেকে বিকেল ৩টে পর্যন্ত সমস্ত ধরনের বাইরের অনুষ্ঠান, খেলাধুলা নিষিদ্ধ করেছে। চরম আবহাওয়ায় অগ্নিকাণ্ডের ঝুঁকি বেড়ে যাওয়ার বিষয়েও সতর্ক করেছে প্রশাসন।
পরিস্থিতি মোকাবিলায় সরকারি দফতরগুলিকে কাজের সময় পরিবর্তন করার নির্দেশ দেওয়া হয়েছে, বিশেষ করে যারা খোলা আকাশের নীচে কাজ করেন তাদের জন্য। দিনের বেলায় ১০০ দিনের কাজ স্থগিত রাখা হয়েছে। ট্রাফিক পুলিশ ও অন্যান্য কর্মীদের জন্য পানীয় জল ও পর্যাপ্ত ছায়ার ব্যবস্থা করা হচ্ছে।
তাপপ্রবাহজনিত অসুস্থতা মোকাবিলায় রাজ্যের হাসপাতাল, প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র এবং অ্যাম্বুল্যান্স পরিষেবাগুলিকে সতর্ক রাখা হয়েছে। জরুরি পরিস্থিতি সামলাতে মজবুত করা হয়েছে প্রাথমিক চিকিৎসার পরিকাঠামো।
পাশাপাশি, মুখ্যমন্ত্রী স্থানীয় প্রশাসন, স্বনির্ভর গোষ্ঠী, ব্যবসায়ী এবং স্বেচ্ছাসেবকদের সাধারণ মানুষের জন্য বিভিন্ন জায়গায় পানীয় জল বিতরণ কেন্দ্র ও বিশ্রামের জায়গা তৈরি করার আহ্বান জানিয়েছেন।
সম্মিলিত দায়িত্ববোধের কথা তুলে ধরে মানুষের পাশাপাশি পশুদের প্রতিও যত্নশীল হওয়ার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। প্রচণ্ড গরমে কষ্ট পাওয়া পোষ্য ও রাস্তার পশুদের জন্য পর্যাপ্ত জল এবং ছায়ার ব্যবস্থা করার বিশেষ আবেদন জানিয়েছেন পিনারাই বিজয়ন।

Comments :0

Login to leave a comment