তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার হলেন পশ্চিম মেদিনীপুরের পিংলার প্রাক্তন তৃণমূল বিধায়ক অজিত মাইতি। শুক্রবার ভোরে পিংলার মাদপুর স্টেশন সংলগ্ন নিজের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে ডেবরা থানায় নিয়ে যাওয়া হয়। বর্তমানে সেখানেই তাকে রাখা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
পুলিশ জানিয়েছে, বিজেপি নেতা গোবিন্দ দাস গত ২৩ সেপ্টেম্বর পিংলা থানায় অজিত মাইতির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতেই প্রাক্তন বিধায়ককে গ্রেপ্তার করা হয়েছে।
অভিযোগকারী গোবিন্দ দাসের দাবি, ২০১৬ সালে তিনি পিংলা-২ ব্লকের জামনা এলাকার তৃণমূল সভাপতি ছিলেন। সেই সময় তাকে দলের ব্লক সভাপতি করার প্রতিশ্রুতি দিয়ে অজিত মাইতি তার কাছ থেকে ১৫ লক্ষ টাকা নিয়েছিলেন। কিন্তু পরে তাকে ওই পদ দেওয়া হয়নি। টাকা ফেরত চাইলে অজিত মাইতি তাকে হেনস্তা করেন বলেও অভিযোগ করেছেন গোবিন্দ দাস।
অজিত মাইতি বর্তমানে পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সহ-সভাপতির দায়িত্বে রয়েছেন। দীর্ঘদিন তিনি তৃণমূলের পশ্চিম মেদিনীপুর জেলা সভাপতির দায়িত্বও সামলেছেন। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে পিংলা কেন্দ্র থেকে তৃণমূলের টিকিটে জয়ী হয়েছিলেন তিনি।
চলতি বছরের বিধানসভা নির্বাচনেও পিংলা থেকে তাকে প্রার্থী করেছিল তৃণমূল। তবে বিজেপি প্রার্থী স্বাগতা মান্নার কাছে ১৮ হাজারেরও বেশি ভোটে পরাজিত হন অজিত মাইতি।
দলের অভ্যন্তরীণ বিভাজনের মধ্যেও অজিত মাইতি মমতা ব্যানার্জির নেতৃত্বাধীন শিবিরেই ছিলেন। ওই শিবিরের তরফে তাকে ঘাটাল সাংগঠনিক জেলা কমিটির সভাপতির দায়িত্বও দেওয়া হয়।
স্থানীয়দের দাবি, মে মাসে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকে এলাকায় অজিত মাইতিকে খুব একটা দেখা যায়নি। এদিকে, তার বিরুদ্ধে ওঠা তোলাবাজির অভিযোগের তদন্ত শুরু করেছে পুলিশ।
TMC
তোলাবাজির মামলায় গ্রেপ্তার প্রাক্তন তৃণমূল বিধায়ক অজিত মাইতি
×
Comments :0