ভয় দেখিয়ে শিক্ষা বাঁচানোর লড়াই থামানো যাবে না। বাঁকুড়ার ইন্দাসের কাড়িশুন্ডা গ্রাম থেকে স্কুল বাঁচানোর লড়াই করতে গিয়ে বিজেপি'র হাতে খুন হয়ে যাওয়া শেখ মহম্মদ মাফিকের ছেলে আব্দুল হাফিজ ও আব্দুল ওরফে ঋকের মায়ের সাথে দেখা করে একথা বললেন এসএফআই রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে।
দেবাঞ্জন বলেন, ‘লড়াইয়ে থাকা একটা ছেলে। দিল্লির যন্তর মন্তরে দেশের শিক্ষা ব্যবস্থার বাঁচানোর দাবিতে সামিল হয়। গ্রামের প্রাথমিক স্কুল বাঁচাতে লড়াই করছিল। তাকে দেশদ্রোহী, পাকিস্তানী বলে চিহ্নিত করে বিজেপি মারধর করেছে। বাবাকে পিটিয়ে মেরে দিয়েছে, মা পরিবার আক্রান্ত। বিজেপি রাজ্য জুড়ে এই খুন এবং দলবদ্ধ মারের রাজনীতি চালিয়ে যাচ্ছে।’
ছাত্র নেতৃত্বের কথায়, চিহ্নিত করে পরিকল্পিত ভাবে এই ঘটনা ঘটানো হয়েছে। দেবাঞ্জন বলেন, ‘২৭ তারিখ গ্রামে ফেরার পর এলাকার বিজেপি বিধায়ক ঋককে হুমকি দিয়েছিল। অভিযুক্ত বিজেপি কর্মীদের নামে থানায় অভিযোগ করা হয়েছে। কিন্তু কোন পদক্ষেপ নেওয়া হয়নি।’
তিনি বলেন, ‘ওরা ভাবছে ঋকের মতো ছেলে যারা লেখাপড়া নিয়ে ভাবে তাদের ভয় দেখিয়ে দমিয়ে দেওয়া যাবে। মুখে ওরা গুন্ডা দমনের কথা বলছে। আর গুন্ডারা সরকার চালাচ্ছে। প্রতিবাদ করলেই ভয় দেখানো হচ্ছে। প্রতিবাদকে দমিয়ে দেওয়া যাবে না। ঋকের মতো ছেলে রাজ্য জুড়ে ছড়িয়ে আছে এই ভাবে প্রতিবাদকে দমিয়ে রাখা যাবে না।’
Comments :0