শর্তসাপেক্ষে বিড়লা তারামণ্ডলের সামনে ২১ জুলাই শহিদ দিবসের সমাবেশের অনুমতি পেল কালীঘাট তৃণমূল। এদিন কলকাতা হাই কোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে দলের সাংসদ তথা আইনজীবী কল্যাণ ব্যানার্জি জানান, যদি এসপ্ল্যানেডের ভিক্টোরিয়া হাউসের সামনে সমাবেশের অনুমতি না দেওয়া হয়, তবে বিকল্প হিসেবে বিড়লা তারামণ্ডলের সামনে সভা করার অনুমতি দেওয়া হোক।
এছাড়াও তিনি এসপ্ল্যানেডের মেট্রো চ্যানেল বা ডোরিনা ক্রসিংকেও বিকল্প স্থান হিসেবে প্রস্তাব করেন।
হাইকোর্ট স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছে সর্বাধিক আড়াই হাজার কর্মী সমর্থক নিয়ে সভা করতে পারবে কালীঘাট তৃণমূল। রাস্তার একদিক খোলা রাখতে হবে তাদের। ২০ জন স্বেচ্ছাসেবকের নাম ১৮ জুলাইয়ের মধ্যে কলকাতা পুলিশের কাছে জমা দিতে হবে কালীঘাট তৃণমূলকে।
শুনানিতে বিচারপতি সৌগত ভট্টাচার্য স্পষ্ট জানিয়ে দেন, ভিক্টোরিয়া হাউসের সামনে সমাবেশের অনুমতি দেওয়া সম্ভব নয়। তার পর্যবেক্ষণ, সেখানে সভা হলে শহরের অন্যতম ব্যস্ত চিত্তরঞ্জন অ্যাভিনিউ সম্পূর্ণভাবে যানজটে অচল হয়ে পড়বে।
আদালতে কল্যাণ ব্যানার্জি দাবি করেন, ১৯৯৩ সাল থেকে, মাত্র দু-এক বছর বাদে, মমতা ব্যানার্জির নেতৃত্বে প্রতিবছরই ভিক্টোরিয়া হাউসের সামনেই ২১ জুলাইয়ের শহিদ দিবসের সমাবেশ অনুষ্ঠিত হয়ে আসছে।
তিনি আরও জানান, একই দিনে পুলিশ ইতিমধ্যেই অন্য একটি তৃণমূল গোষ্ঠীকে মেয়ো রোডে মহাত্মা গান্ধীর মূর্তির সামনে এবং কংগ্রেসকে শহিদ মিনার ময়দানে সমাবেশের অনুমতি দিয়েছে। তাই একই এলাকায় পর্যাপ্ত পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করে আরও একটি সমাবেশের অনুমতি দেওয়া সম্ভব বলেই তাদের দাবি।
তৃণমূলের আবেদনে কলকাতা পুলিশের জারি করা ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা (বিএনএসএস)-এর ১৬৩ ধারার নিষেধাজ্ঞাকে চ্যালেঞ্জ করা হয়েছে। এই নিষেধাজ্ঞার জেরে ভিক্টোরিয়া হাউস সংলগ্ন এলাকায় সভা-সমাবেশে বাধা সৃষ্টি হয়েছে বলে আবেদনকারীদের দাবি।
আদালতের প্রশ্নের উত্তরে কল্যাণ ব্যানার্জি জানান, তাদের সমাবেশে প্রায় ১৫ থেকে ২০ হাজার মানুষের উপস্থিতি হতে পারে।
রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সৌরজিত নাথ মিত্র আদালতে জানান, পুলিশ সমাবেশের অনুমতি দিতে আপত্তি করছে না। তবে অন্য কোনও উপযুক্ত স্থানে সভা হলে প্রশাসনের পক্ষে আইনশৃঙ্খলা রক্ষা করা সহজ হবে।
TMC
২১ জুলাই শর্তসাপেক্ষে বিড়লা তারামণ্ডলের সামনে সভা করতে পারবে কালীঘাট তৃণমূল
×
Comments :0